এক ছাদের তলায় বাসস্ট্যান্ড-পার্কিং জোন-মাল্টিপ্লেক্স! হাওড়ায় বিশ্বমানের বাস টার্মিনাসের পরিকল্পনা রাজ্যের
প্রতিদিন | ০৯ সেপ্টেম্বর ২০২৬
হাওড়া স্টেশন চত্বরকে ঝাঁ চকচকে বিশ্বমানের করে গড়ে তোলা হবে। এমনটাই পরিকল্পনা করেছে রাজ্য সরকার। রাজ্য সরকারের পরিকল্পনা হাওড়া স্টেশন চত্বরে একটি বহুতল বিল্ডিং তৈরি হবে। যে বিল্ডিংয়ের নীচতলায় থাকবে বাসস্ট্যান্ড, দোতলায় থাকবে ট্যাক্সি ও প্রাইভেট কার রাখার জায়গা, তিনতলায় থাকবে বাজার বা মাল্টিপ্লেক্স। সিনেপ্লেক্সও থাকবে ওই বহুতলে।
এছাড়া নাগরিকদের জন্য হাওড়া স্টেশন চত্বরে উন্নতমানের শৌচালয় তৈরি করার পরিকল্পনাও করা হয়েছে। পাশাপাশি হাওড়া স্টেশনের সাবওয়ে আধুনিক করা হবে। সবমিলিয়ে বাসযাত্রী ও ট্রেন যাত্রীরা হাওড়া স্টেশন চত্বরে নেমে আধুনিক পরিষেবা পাবেন। ইতিপূর্বেই এইসব পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করে দিয়েছে রাজ্য সরকার। হাওড়া বাসস্ট্যান্ডের কাজ অস্থায়ীভাবে শুরু করা হচ্ছে। বাসস্ট্যান্ডে একটা শেড করার কাজ শুরু হচ্ছে খুব শীঘ্রই। প্রসঙ্গত, হাওড়া স্টেশন চত্বর বা কেএমডিএ-র অধীনে থাকা এই এলাকায় উন্নয়নের কাজ যৌথভাবে করবে কেএমডিএ, হাওড়া পুরসভা ও রেল কর্তৃপক্ষ।
এই প্রসঙ্গে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী তথা উত্তর হাওড়া বিধায়ক উমেশ রাই বলেন, “হাওড়া স্টেশন পশ্চিমবঙ্গের মুখ্য দুয়ার। পশ্চিমবঙ্গে এলে হাওড়া স্টেশনেই নামতে হয়। কিন্তু গত ৫০ বছর স্টেশনের বাইরে কোনও উন্নয়নের কাজ হয়নি। গঙ্গার ধারে হাওড়া স্টেশন চত্বরকেও পরিষ্কার করা হবে। গঙ্গার ধারে ভ্রমণ করতে পারার মতো ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের।” মন্ত্রী আরও বলেন, “আগামী বিধানসভার আগে এখানে বিশ্বমানের বাস টার্মিনাসও দেখবেন। হাওড়া স্টেশন চত্বরে নাগরিকদের জন্য টয়লেটের ব্যবস্থা করা হবে। বাসস্ট্যান্ড তৈরির জন্য বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে।”