• বুকে নিখোঁজ মেয়ের ছবি, খোঁজ পেতে মুখ্যমন্ত্রীর জনতার দরবারে সিউড়ির অসহায় বাবা-মা
    প্রতিদিন | ০৯ সেপ্টেম্বর ২০২৬
  • মাসের পর মাস মেয়ে নিখোঁজ। গলায় নিখোঁজ মেয়ের ছবি দেওয়া প্ল্যাকার্ড লাগিয়ে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছেন বাবা। দিন কয়েক আগে মুখ্যমন্ত্রীর সফরের কথা শুনে তারাপীঠেও দৌড়ে গিয়েছিলেন। তবে সেবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হয়নি। তাই বুধবার মুখ্যমন্ত্রীর জনতার দরবারে পৌঁছলেন সিউড়ির বাসিন্দা অর্ধেন্দু সিনহা। চোখের জল মুছতে মুছতে মেয়েকে খোঁজার ব্যবস্থা করার আর্জি জানান তিনি।

    মুখ্যমন্ত্রীর দেখা চেয়ে দিনচারেক আগে আবেদন করেছিলেন। জনতার দরবারে আসার জন্য মঙ্গলবার রাতে তাঁকে জানানো হয়। সেইমতো বুধবার সস্ত্রীক অর্ধেন্দুবাবু সিউড়ি থেকে ট্রেন ধরে। শিয়ালদহে পৌঁছন। সেখান থেকে জনতার দরবারে পৌঁছন। কান্নাভেজা চোখে অর্ধেন্দুর স্ত্রী সুপ্রিয়া বলেন, “আমাদের অভাবের সংসার। ওর বাবার শরীর ভালো নেই। মেয়ে সবসময় ভাবত ওকে কিছু করতে হবে। সে ভাবনা থেকে আমার মনে হয় কোথাও চলে গিয়েছে। দয়া করে ওকে খুঁজে দেওয়ার ব্যবস্থা করুন। আমাদের আর ও ছাড়া কেউ নেই।” অর্ধেন্দুবাবু জানান, মেয়েকে খুঁজে দেওয়ার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। 

    জানা গিয়েছে, গত ১৩ মার্চ থেকে নিখোঁজ রয়েছেন অর্ধেন্দুবাবুর মেয়ে অমৃতা সিংহ। ঘটনার পর সিউড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। তদন্তে পুলিশের পাশাপাশি সিআইডিরও সহযোগিতা নেওয়া হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত তাঁর কোনও সন্ধান মেলেনি। দীর্ঘ সময় কেটে যাওয়ায় উদ্বেগ আরও বেড়েছে পরিবারের। মেয়ের খোঁজে অর্ধেন্দুবাবু ইতিমধ্যেই বীরভূমের বিভিন্ন এলাকা চষে ফেলেছেন। মেয়ের ছবি-সহ প্ল্যাকার্ড নিয়ে রাজ্যের আরও বেশ কয়েকটি জায়গাতেও ঘুরেছেন। কিন্তু কোথাও কোনও সূত্র পাওয়া যায়নি।

    মায়াপুরে গিয়েও নিখোঁজ মেয়েকে খোঁজাখুঁজি করেছেন। মায়াপুর ইসকন মন্দির-সহ বিভিন্ন জায়গায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। প্ল্যাকার্ডে থাকা ছবি দেখিয়ে মেয়ের সম্পর্কে তথ্য জানার চেষ্টা করেন। কিন্তু কেউই আশার কথা তাঁকে শোনাতে পারেনি। ফলে একপ্রকার হতাশ হয়েই বীরভূমে ফিরে আসেন অর্ধেন্দুবাবু। এই পরিস্থিতিতে এবার মুখ্যমন্ত্রীর জনতার দরবারে অসহায় বাবা-মা। তাঁদের সমস্যার সুরাহা হয় কিনা, সেটাই এখন দেখার।
  • Link to this news (প্রতিদিন)