কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রী তথা নাগপুরের সাংসদ নীতিন গড়করি (Nitin Gadkari)-র একটি মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। নাগপুরের একটি অনুষ্ঠানে নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে গড়করি দাবি করেছেন, অপরাধজগৎ, আন্ডারওয়ার্ল্ড এবং রেড-লাইট এলাকা অর্থাৎ যৌনপল্লির ভোটারদের কাছ থেকে তিনি ৯২ শতাংশ ভোট পেয়েছিলেন। অথচ শহরের ‘শিক্ষিত’ ও উচ্চশিক্ষিত এলাকাগুলিতে তাঁর ভোটের হার ছিল তুলনায় কম— প্রায় ৭০ থেকে ৭৫ শতাংশ।
গড়করির এই মন্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই তা নিয়ে বিস্তর আলোচনা শুরু হয়েছে। তবে তাঁর বক্তব্যের মূল উদ্দেশ্য ছিল নিজের সঙ্গে বিভিন্ন সামাজিক স্তরের মানুষের যোগাযোগ এবং দীর্ঘ রাজনৈতিক জীবনে অর্জিত জনবিশ্বাসের কথা তুলে ধরা। তিনি স্পষ্ট করে দিয়েছেন, কোনও অপরাধী বা অপরাধজগতের কার্যকলাপকে তিনি সমর্থন করেন না।
এ সম্পর্কে পরিবহণ মন্ত্রী বলেন, ‘আমি খুব আদর্শবাদী। তবে এটাও দেখেছি যে, আন্ডারওয়ার্ল্ডের ৯৯ শতাশংশই আমার সমর্থক। তার মানে এটা ভাবার কোনও কারণ নেই যে, ওই দুনিয়ার সঙ্গে আমার ঘনিষ্ঠ যোগ রয়েছে। আমি রাস্তা বানাই। সামাজিক কাজকর্ম করি।’ বরং তাঁর দাবি, সমাজের বিভিন্ন অংশের মানুষ তাঁর কাজ এবং রাজনৈতিক বিশ্বাসযোগ্যতার কারণে তাঁকে সমর্থন করেছেন।
নাগপুরের IIM Nagpur Media Conclave 2026-এর উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখছিলেন গড়করি। সেখানেই নিজের রাজনৈতিক জীবনের কথা বলতে গিয়ে তিনি ভোটের এই পরিসংখ্যান তুলে ধরেন। তাঁর বক্তব্য অনুযায়ী, যে সব এলাকা একসময় অপরাধজগতের প্রভাব বা রেড-লাইট এলাকার সঙ্গে যুক্ত ছিল, সেখান থেকে তিনি প্রায় ৯২ শতাংশ ভোট পেয়েছিলেন। অর্থাৎ অন্ধকার জগতের এই মানুষরা তাঁর সমর্থক। অন্যদিকে, শিক্ষিত মানুষের বসতিতে তাঁর ভোটের হার ছিল প্রায় ৭০-৭৫ শতাংশ।
গড়করির বক্তব্যের তাৎপর্য ছিল—শুধু শিক্ষিত বা নির্দিষ্ট কোনও সামাজিক গোষ্ঠীর সমর্থন দিয়ে দীর্ঘদিনের রাজনৈতিক গ্রহণযোগ্যতা তৈরি হয় না। তাঁর দাবি, নাগপুরের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে বছরের পর বছর যোগাযোগ এবং সামাজিক কাজের মাধ্যমেই তিনি এই আস্থা অর্জন করেছেন। কেন্দ্রীয় মন্ত্রীর কথায়, ‘গণতন্ত্রের মূল হলো জনগণ। তাই এর সবচেয়ে বড় সমস্যা কোনও রাজনৈতিক দল বা নেতা নয়, তা হলো জনগণ। তাই গণতন্ত্রের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ হওয়া জরুরি।’
কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল এই ব্যাখ্যা। গডকরি জানিয়েছেন, কোনও নির্দিষ্ট এলাকার মানুষ তাঁকে ভোট দিয়েছেন বলেই সেই এলাকার অপরাধমূলক কর্মকাণ্ড বা সংশ্লিষ্ট ব্যক্তিদের তিনি সমর্থন করেন—এমনটা ভাবার কারণ নেই। তাঁর কথায়, ভোটে সমর্থন পাওয়া এবং অপরাধমূলক কাজকে সমর্থন করা সম্পূর্ণ আলাদা বিষয়। তিনি আরও জোর দিয়েছেন রাজনৈতিক জীবনে বিশ্বাসযোগ্যতা ও জনআস্থার গুরুত্বের উপর। তাঁর বক্তব্য, দীর্ঘমেয়াদে রাজনীতিতে টিকে থাকতে হলে মানুষের বিশ্বাস অর্জন করতে হয় এবং সমাজের বিভিন্ন অংশের সঙ্গে যোগাযোগ রাখতে হয়। তবে এই মন্তব্যের যাতে ভুল ব্যাখ্যা না হয়, সেই নিয়েও সতর্ক করেন কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রী।
প্রশ্ন: নীতিন গড়করি আন্ডারওয়ার্ল্ড নিয়ে কী মন্তব্য করেছেন?
উত্তর: নাগপুরের একটি অনুষ্ঠানে গড়করি দাবি করেন, আন্ডারওয়ার্ল্ড এবং রেড-লাইট এলাকার প্রায় ৯২ শতাংশ ভোটার তাঁকে সমর্থন করেছিলেন।
প্রশ্ন: শিক্ষিত এলাকায় গড়করির ভোট কত ছিল বলে তিনি দাবি করেছেন?
উত্তর: তাঁর বক্তব্য অনুযায়ী, নাগপুরের শিক্ষিত ও উচ্চশিক্ষিত এলাকার ভোটের হার তুলনায় কম ছিল—প্রায় ৭০ থেকে ৭৫ শতাংশ।
প্রশ্ন: কোথায় নীতিন গড়করি এই মন্তব্য করেন?
উত্তর: IIM Nagpur Media Conclave 2026-এর উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখার সময় তিনি নিজের রাজনৈতিক অভিজ্ঞতা তুলে ধরে এই মন্তব্য করেন।
প্রশ্ন: গড়করি কি আন্ডারওয়ার্ল্ডকে সমর্থন করার কথা বলেছেন?
উত্তর: না। তিনি স্পষ্ট করেছেন, কোনও এলাকার মানুষ তাঁকে ভোট দিয়েছেন বলেই তিনি সেই এলাকার অপরাধমূলক কর্মকাণ্ডকে সমর্থন করেন—এমনটা ভাবার কারণ নেই।
প্রশ্ন: গড়করি কেন এই ভোটের পরিসংখ্যান তুলে ধরেছেন?
উত্তর: তাঁর বক্তব্যের মূল উদ্দেশ্য ছিল সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে তাঁর দীর্ঘদিনের যোগাযোগ এবং রাজনৈতিক জীবনে অর্জিত জনআস্থার কথা তুলে ধরা।
প্রশ্ন: গড়করি তাঁর রাজনৈতিক গ্রহণযোগ্যতা নিয়ে কী বলেছেন?
উত্তর: তিনি জোর দিয়েছেন মানুষের বিশ্বাস অর্জন এবং সমাজের বিভিন্ন অংশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার উপর। তাঁর বক্তব্য অনুযায়ী, দীর্ঘমেয়াদে রাজনীতিতে গ্রহণযোগ্যতার জন্য জনআস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ।