যাত্রী ও পণ্য পরিবহণে গতি আনতে ১০ হাজার ৭৮৩ কোটি টাকার রেল প্রকল্পে অনুমোদন দিল নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা। কেন্দ্রের এই রেল মাল্টি-ট্র্যাকিং প্রকল্পে বাংলা, ঝাড়খণ্ড, ওডিশা, মধ্যপ্রদেশ এবং ছত্তিসগড়— এই পাঁচ রাজ্যের ১৪টি জেলা জুড়ে ৬৫৬ কিলোমিটার নতুন রেললাইন পাতা হবে। ২০২৯-’৩০ সালের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্র।
বুধবার প্রধানমন্ত্রী মোদীর সভাপতিত্বে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি এই প্রকল্পে অনুমোদন দিয়েছে। সিদ্ধান্ত হয়েছে, খড়্গপুর থেকে ঝাড়সুগুড়া (বাগডিহি) ও কাটনি থেকে পেন্দ্রা রোড পর্যন্ত চতুর্থ লাইন এবং বিলাসপুর (উসলাপুর) থেকে পেন্দ্রা রোড পর্যন্ত তৃতীয় লাইনের কাজ হবে এই প্রকল্পে। এর ফলে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে। সহজেই পৌঁছনো যাবে দেশের অন্যতম পর্যটন কেন্দ্র— বান্ধবগড় ব্যাঘ্র প্রকল্প, অমরকণ্টক মন্দির, অচানকমার ব্যাঘ্র প্রকল্প এবং রতনপুর মহামায়া মন্দির।
যে এলাকা জুড়ে নতুন রেলপথ বসানো হবে, সেখান দিয়ে মূলত কয়লা, সিমেন্ট, লোহা ও ইস্পাতের মতো জরুরি কাঁচামাল পরিবহণ করা হয়। নতুন প্রকল্প বাস্তবায়িত হলে প্রতি বছর অতিরিক্ত ২৭ মিলিয়ন টন পণ্য পরিবহণ সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, ‘পরিকাঠামোগত এই উন্নয়নের ফলে প্রায় ৪,৭৯০টি গ্রাম প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উপকৃত হবে। উপকৃত হবেন প্রায় ৫৬ লাখ মানুষ।’