অ্যাটেনডেন্স কম থাকায় সেমিস্টার পরীক্ষায় বসতে দেওয়া হবে না — এই নিয়ে উত্তেজনা ছড়াল শিয়ালদহের সুরেন্দ্রনাথ ল কলেজে। পরীক্ষায় বসার দাবিতে কলেজ চত্বরে জড়ো হয়ে বিক্ষোভ দেখান পড়ুয়ারা। তাঁদের একাংশের দাবি, দীর্ঘদিন ধরে কম অ্যাটেনডেন্স থাকা সত্ত্বেও কলেজে পড়াশোনা ও পরীক্ষা চলেছে। এ বার হঠাৎ অ্যাটেনডেন্সের নিয়ম দেখিয়ে পরীক্ষায় বসতে বাধা দেওয়া হচ্ছে। যদিও অধ্যাপকদের একাংশ পড়ুয়াদের এই দাবি হাস্যকর হিসেবেই দেখছেন। যদিও কলেজ কর্তৃপক্ষের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।
বিক্ষোভের জেরে কলেজের গেট আটকে দেন পড়ুয়ারা। তাঁদের সঙ্গে কলেজের ক্লার্কদেরও তুমুল বিতর্ক হয়। পড়ুয়াদের দাবি, একটি সেমেস্টার পিছিয়ে গেলে তাঁদের এক বছর নষ্ট হয়ে যেতে পারে। নতুন করে রি-অ্যাডমিশন নেওয়ার চাপও তৈরি হবে।
এক পড়ুয়াকে সাংবাদমাধ্যমের সামনে বলতে শোনা যায়, ‘এক বছর যদি পিছিয়ে দেওয়া হয়, আবার রি-অ্যাডমিশন নিতে হয়, তা হলে সুইসাইড করতে হবে।’ সকাল থেকেই ভাইস প্রিন্সিপালের সঙ্গে বৈঠক চলছিল বলে জানান পড়ুয়ারা। তাঁদের দাবি, প্রথমে তাঁরা অনুরোধ জানাতে এসেছিলেন, কিন্তু পরিস্থিতির কারণে শেষ পর্যন্ত বিক্ষোভ দেখাতে বাধ্য হয়েছেন। ঘটনায় কলেজ চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়ায়।