• ঝোড়ো হাওয়ার তাণ্ডব, গোরুমারা-লাটাগুড়িতে পরপর ভেঙে পড়ল জঙ্গলের গাছ
    এই সময় | ০৯ সেপ্টেম্বর ২০২৬
  • অর্ঘ্য বিশ্বাস

    আচমকা ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির কারণে লন্ডভন্ড ডুয়ার্সের লাটাগুড়ি ও গোরুমারা জঙ্গলের বেশ কিছু এলাকা। বুধবার দুপুরে আচমকা খারাপ হয় আবহাওয়া। বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় লাটাগুড়ি ও গোরুমারার জঙ্গলের মাঝে থাকা জাতীয় সড়কের একাধিক জায়গায় ভেঙে পড়ে গাছ।

    লাটাগুড়ি ফ্লাইওভার সংলগ্ন এলাকার বনাঞ্চল থেকে শুরু করে গোরুমারা চেক পোস্ট অবধি প্রায় নয় কিলোমিটার রাস্তা। ওই রাস্তার পাশে একাধিক জায়গায় শাল, জারুল, চিলোনি প্রজাতির গাছ ভেঙে পরে। ওই রাস্তা দিয়ে প্রচুর যাত্রীবাহী গাড়ি সেই মুহূর্তে যাতায়াত করছিলো। এই ঘটনায় আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। গাছ ভেঙে রাস্তায় বন্ধ হওয়ায় বহু পথচারী আটকে পড়েন এই ঘটনায়। বেশ কিছু বাস অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায়।

    ঘটনার পরে বন দপ্তরের লাটাগুড়ি রেঞ্জের বনকর্মীরা এসে পৌঁছয়। অভিযোগ, গাছ কাটার উন্নত সরঞ্জাম না থাকায় প্রথমে বেগ পেতে হয়। পরে গাছ কাটার মেশিনের মাধ্যমে যুদ্ধকালীন তৎপরতায় বনকর্মীরা গাছ কেটে রাস্তা স্বাভাবিক করে। বুধবার সন্ধ্যা নাগাদ স্বাভাবিক হয় যান চলাচল। লাটাগুড়ির রেঞ্জার সঞ্জয় দত্ত বলেন, ‘পনেরোটি বড় গাছ ভেঙে পড়েছে, প্রাথমিকভাবে রাস্তাটি খুলে দেওয়া হয়েছে, বৃহস্পতিবার বাকি কাজ শেষ করা হবে।’

  • Link to this news (এই সময়)