• ইংরেজবাজার পুরসভার পাঁচবারের চেয়ারম্যানের পদত্যাগ, কৃষ্ণেন্দু বললেন, ‘সময় অনুযায়ী চলতে হবে’
    এই সময় | ০৯ সেপ্টেম্বর ২০২৬
  • বেশকিছু দিন ধরেই জল্পনা ছিল। বুধবার পদত্যাগ করলেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী। নিয়ম অনুযায়ী আগামী এক সপ্তাহের মধ্যেই পদত্যাগপত্র গ্রহণের জন্য সভা ডাকবেন ভাইস চেয়ারম্যান। রাজ্যের বর্তমান পরিস্থিতিতে তিনি এমন সিদ্ধান্ত নিলেন বলে জানিয়েছেন তিনি। তবে রাজনীতি ছাড়ছেন না, কাউন্সিলার হিসেবে কাজ চালিয়ে যাবেন বলে জানান কৃষ্ণেন্দু।

    ১৯৯০ সালে প্রথমবার কাউন্সিলার হন কৃষ্ণেন্দু। ১৯৯৫ সালে প্রথমবার চেয়ারম্যান। ইংরেজবাজার পুরসভার টানা পাঁচবারের পুরপ্রধান ছিলেন তিনি। রাজ্য সরকার পরিবর্তনের পরে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম, শিলিগুড়ির মেয়র গৌতম দেব-সহ রাজ্যের একাধিক পুরসভা ও কর্পোরেশনের চেয়ারম্যান ও মেয়র পদত্যাগ করেছেন। যদিও এতদিন নিজের পদেই ছিলেন কৃষ্ণেন্দু। এ দিন পুরমন্ত্রী-সহ প্রশাসন ও দপ্তরের পদস্থ কর্তাদের কাছে ইস্তফা পাঠানো হয়েছে।

    কৃষ্ণেন্দু বলেন, ‘ঠিক কী কারণে পদত্যাগ করেছি, সেটা বলব না। কিছু বিষয় গোপন রাখতে হবে। তবে সময় অনুযায়ী আমাদের চলতে হবে। সময় আমাদের নির্দেশ দেবে।… রাজনীতি ছাড়ছি না। আপাতত কাউন্সিলার হিসেবে কাজ করবেন। পরবর্তীতে যেমন বৃষ্টি হবে, তেমন ছাতা ধরা হবে।’

    বিষয়টি নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। বিজেপির দক্ষিণ মালদার সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় বলেন, ‘অনেকদিন ধরেই পদত্যাগের কথা শোনা যাচ্ছিল। অনেক পুরসভায় সরকার বদলের পরেই চেয়ারম্যান ইস্তফা দিয়েছেন। উনি এতদিন কার্যত জোর করেই ছিলেন। সরকার কোনওরকম অসহযোগিতা করেনি।’

  • Link to this news (এই সময়)