• ভাইপোকে আবার দলে ফেরাবেন পিসি, তবে শর্ত: ‘...সন্ন্যাস নিতে হবে শ্বশুরকে’
    এই সময় | ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ভাইপোকে আবার দলে ফেরাতে ইচ্ছুক পিসি মায়াবতী। শুধু তা-ই নয়, হারানো পদও ফিরিয়ে দেবেন। কিন্তু শর্ত একটাই— শ্বশুরকে রাজনৈতিক সন্ন্যাস নিতে হবে!

    অতীতে ভাইপো আকাশ আনন্দকে তাঁর রাজনৈতিক উত্তরসূরি হিসেবে ঘোষণা করেছিলেন মায়াবতী। কিন্তু সেই সিদ্ধান্ত বেশি দিন স্থায়ী হয়নি। কিছু দিনের মধ্যেই আচমকা ভাইপোকে জাতীয় সমন্বয়কের পদ থেকে সরিয়ে দেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাড়িয়ে দেওয়া হয় দল থেকেও। কারণ হিসেবে উঠে আসে, আকাশ শ্বশুর তথা বহিষ্কৃত বিএসপি নেতা অশোক সিদ্ধার্থের প্রভাবের কথায় প্রভাবিত হয়ে দল ভাঙার চেষ্টা করেছিলেন। সেই ষড়যন্ত্র ফাঁস হওয়ার পরেই এই সিদ্ধান্ত নিয়েছেন বিএসপি নেত্রী।

    সেই আকাশকে আবার দলে ফেরানোর সিদ্ধান্ত নিয়ে মায়াবতী জানিয়েছেন, অশোককে রাজনীতি থেকে শুধু অবসর নয়, একেবারে সন্ন্যাস নিতে হবে। তিনি এ কাজ করলে তবেই আকাশ আবার দলে পুরোনো জায়গা ফিরে পেতে পারেন।

    মায়াবতীর অভিযোগ, দলীয় মতাদর্শের ঊর্ধ্বে উঠে ব্যক্তিগত স্বার্থকে প্রাধান্য দিয়েছিলেন অশোক। তাঁর এই স্বার্থান্বেসী আচরণেরই খেসারত দিতে হয়েছে আকাশকে। বিএসপি নেত্রীর দাবি, দলকে সংগঠিত করতে বহুবার সংশোধনের সুযোগ দেওয়া হয়েছিল অশোককে। কিন্তু তিনি কখনওই দলের আন্দোলনের কথা গুরুত্ব দিয়ে ভাবেননি। এক্স হ্যান্ডলে মায়াবতী লিখেছেন, ‘এখনও ওঁর কাছে সুযোগ রয়েছে রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করার। রাজনীতি থেকে সন্ন্যাস নিয়েই এ কাজ করতে পারেন উনি।’

  • Link to this news (এই সময়)