• পুজোর মরশুমের আগে শপিং মলে অভিযান, কী পাওয়া গেল স্টার মলে?
    এই সময় | ১০ সেপ্টেম্বর ২০২৬
  • উৎসবের মরশুমের আগে রাজ্যের নানা প্রান্তে শপিং মলে অভিযান দমকলের। মলগুলির অগ্নিনির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখতে এই অভিযান চালানো হয়েছে। বুধবার সকালে উত্তর ২৪ পরগনার বারাসত-মধ্যমগ্রাম সীমানায় থাকা স্টার মলে আচমকাই অভিযান চালায় দমকল দপ্তর।

    মূলত মলের অগ্নিনির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখেন দমকলের আধিকারিকরা। বিশেষ করে মলের বিভিন্ন অংশে আগুন নেভানোর সরঞ্জাম, নিরাপত্তা ব্যবস্থা এবং জরুরি পরিস্থিতিতে বাইরে বেরনোর পথ ঠিকঠাক রয়েছে কি না, তা খতিয়ে দেখা হয়। যে কোনও বড় দুর্ঘটনা ঘটলে কতটা সুরক্ষিত ভাবে সাধারণ মানুষকে বের করে আনা সম্ভব- সবটাই খতিয়ে দেখা হয়। আগুন লাগলে দমকলের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কত দ্রুত জল স্প্রে করে আগুন নিয়ন্ত্রণে আনতে পারবে তারও একটা মহড়া করা হয়েছে।

    ওই মলের যে ফ্লোরে ফুড কোর্ট রয়েছে, সেখানেও পরিদর্শন করেন দমকল আধিকারিকরা। পুজোর মরশুমে ভিড়ের আগে মলের অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা কতটা প্রস্তুত, মূলত সেটিই খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন দমকল আধিকারিক। দমকলে ডিভিশনাল ফায়ার অফিসার ইনচার্জ উত্তর ২৪ পরগনা দীপক কুমার চট্টোপাধ্যায় জানান, মলে সবকিছু ঠিকই আছে। বড় কোনও সমস্যা পাওয়া যায়নি বলে জানান তিনি।

  • Link to this news (এই সময়)