সবুজায়নের বার্তা দিয়ে সৈকত শহরে প্রতি বছরেই ‘ম্যারাথন’ অনুষ্ঠিত হয়। পুজোর আগে এ বছরও ম্যারাথনের আয়োজন হচ্ছে দিঘায়। খড়্গপুর স্পোর্টস ফাউন্ডেশন-এর উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে ‘দিঘা বিচ নাইট ম্যারাথন।’
আগামী ৪ অক্টোবর রাত আটটায় অনুষ্ঠিত হবে এই ম্যারাথন। সবুজের বার্তা নিয়েই এই প্রতিযোগিতার বিশেষ নামকরণ করা হয়েছে ‘রান ফর গ্রিন’। আগামীতে দিঘা সমুদ্র সৈকতে কয়েক হাজার ম্যানগ্রোভ রোপণ করা হবে। সেই লক্ষ্যকে সামনে রেখে এই দিঘা ম্যারাথন।
জানা গিয়েছে, ১০ কিলোমিটার ও ৫ কিলোমিটার দু’টি বিভাগেই হবে প্রতিযোগিতা। প্রতিযোগিতায় প্রথম পুরস্কার ১২ হাজার, দ্বিতীয় পুরস্কার ৮ হাজার ও তৃতীয় পুরস্কার ৫ হাজার টাকা। অন্যদিকে ‘লোকাল ফর ওয়েস্ট বেঙ্গল’ ও পাঁচ কিলোমিটার ক্যাটিগরিতে বিভিন্ন পুরস্কার মূল্য রয়েছে। দিঘা ফুটবল গ্রাউন্ড থেকে এই দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে দিঘা মোহনা হয়ে মেরিন ড্রাইভ বরাবর প্রতিযোগিতা চলবে। শেষ হবে দিঘা জগন্নাথ মন্দিরের কাছে এসে।
সংস্থার অ্যাডভাইসর হেড বিশ্বপ্রিয় রায়চৌধুরী বলেন, ‘বর্তমান সময়ে গাছপালা কেটে নেওয়ায় পরিবেশ ধ্বংসের দিকে এগিয়ে চলেছে। পরিবেশকে রক্ষা করতে রাজ্য সরকার তৎপর তাই সবুজের বার্তা তুলে ধরতে এবং গ্রাম বাংলা থেকে খেলোয়াড় খুঁজে পেতে এই ধরনের ম্যারাথনের আয়োজন করছে। রাজ্যের বর্তমান সরকার খেলোয়াড়দের জন্য বিশেষ ঘোষণা করেছেন। গ্রামের প্রান্তিক এলাকার ছেলে-মেয়েরা খেলোয়াড় হিসাবে তুলে আনতেই এই আয়োজন।’
ম্যারাথনে রেজিস্ট্রেশনের জন্য নম্বর হলো ৮৬৩৭৮২১৭৬৮, ৮৯১৮৮৪২৬১৫।
এই প্রতিযোগিতায় তাৎক্ষণিক ভাবে পর্যটকদেরও অন্তর্ভুক্তি করার কথা বার্তা দেন সংস্থার কর্মকর্তারা। পুজোর আগে জমজমাটি ‘নাইট ম্যারথন’-এর আয়োজন পর্যটক থেকে স্থানীয় মানুষের কাছে বাড়তি পাওনা বলেই মনে করা হচ্ছে।