• ‘২২ বছর চাকরিতে এমন দেখিনি…’, পুরসভায় ঢুকে ‘দাদাগিরি’র অভিযোগ, পেন ডাউন কালনার পুরকর্মীদের
    এই সময় | ১০ সেপ্টেম্বর ২০২৬
  • পুরসভায় ঢুকে ‘দাদাগিরি’র অভিযোগ। আতঙ্কিত কর্মীরা। বুধবার পেন ডাউন করলেন বর্ধমানের কালনা পুরসভার কর্মীরা। যদিও বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করতে নারাজ পুরসভার বর্তমান চেয়ারম্যান রীতা বন্দ্যোপাধ্যায়।

    পুরকর্মীদের অভিযোগ, মঙ্গলবার হঠাৎ করেই কিছু লোকজন পুরসভায় আসেন। একাধিক কর্মীকে হুমকি দেওয়া হয়। কর্মীদের নাম ধরে ধরে খোঁজ নেওয়া হয়। এমনকী, দুই মহিলা কর্মীকে ডিম ছোড়া হয় বলেও অভিযোগ।

    পুরসভার এক কর্মী বলেন, ‘ আমি ২২ বছর চাকরি করছি। এ রকম কোনওদিন দেখিনি। প্রশাসন বদলাবে। বিভিন্ন রাজনৈতিক দল আসবে। আমরা কর্মচারীরা একসঙ্গে কাজ করব। মানুষ পরিষেবা পাবে, এটাই তো কাম্য। কিন্তু কাল আমাদের কর্মীদের হুমকি দেওয়া হয়েছে। দু’জন মহিলাকে ডিম ছোড়া হয়েছে। বিভিন্ন ঘরে নাম ধরে ধরে খোঁজা হয়েছে। আমরা কর্মীরা আতঙ্কিত।’ পুরসভার মোট প্রায় ৬০ জন কর্মী, অস্থায়ী কর্মীরা এ দিন প্রতিবাদে সামিল হন।

    বিষয়টি নিয়ে বিজেপির কালনা শহর সভানেত্রী ডালিয়া সূত্রধর জানিয়েছেন, কালনা পুরসভার কর্মীদের প্রতি আমাদের কোন ক্ষোভ নেই। তাঁরা কী জন্য পেন ডাউন করেছে তা আমাদের জানা নেই।মঙ্গলবার আমরা গিয়েছিলাম পুরমাতার সঙ্গে কথা বলেছি। অনেক সাধারণ মানুষ পরিষেবা পাচ্ছেন না বলে অভিযোগ করেন তিনি। ডালিয়া বলেন, ‘পুরসভায় কাউন্সিলাররা আসছে সই করছে, বোর্ড মিটিং করছে আর মাইনে গুনছে। তাদের প্রতি আমাদের ক্ষোভ রয়েছে, কারণ তাঁরা সাধারণ মানুষকে পরিষেবা দিচ্ছেন না। মানুষ ভোট দিয়ে আমাদেরকে এনেছে। তাই সাধারণ মানুষের জন্য আমাদের লড়াই।’

  • Link to this news (এই সময়)