ইন্ডিয়া’য় যোগ নয়? নতুন জোট গঠন করলেন বিজয়, নামেও রয়েছে চমক
প্রতিদিন | ১০ সেপ্টেম্বর ২০২৬
তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে অভাবনীয় সাফল্যের পর থলপতি বিজয়ের ইন্ডিয়া জোটে যোগ নিয়ে বিস্তর জল্পনা ছড়িয়েছিল। এমনকী, ইন্ডিয়া জোটের যে সর্বশেষ বৈঠক দিল্লিতে হয়েছিল, তাতে বিজয়ের দলকে আমন্ত্রণ জানানোর প্রস্তাব এসেছিল। যদিও শেষমেশ সেটা হয়নি। এখনও সরকারিভাবে টিভিকে ইন্ডিয়া জোটের শরিক নয়। এরই মধ্যে তামিলনাড়ুতে নয়া জোট গঠন করলেন বিজয়। বলা ভালো, তামিলনাড়ুর বর্তমান শাসক জোটের নতুন নামকরণ হল এবং একই সঙ্গে জোটের কাঠামোও তৈরি হল।
টিভিকের নেতৃত্বাধীন ওই জোটের নতুন নাম সেক্যুলার সোশাল জাস্টিস বিগট্রি অ্যালায়ান্সে। সংক্ষেপে এসএসজেভিএ। এই জোটে মূলত ছোট দল রয়েছে। বিজয়ের পাশে গুরুত্ব দেওয়া হয়েছে ভিসিকে প্রধান থল থিরুমাভালান, এমডিএমকে প্রধান ভাইকো, ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ কে এম কাদের মহিউদ্দিনরা। বিজয়ের ওই জোটে কংগ্রেসও রয়েছে। বুধবার চেন্নাইয়ে বিজয়ের নেতৃত্বে ওই বৈঠকে ছিলেন কংগ্রেসের রাজ্যসভার সাংসদ প্রবীণ চক্রবর্তী এবং বিধানসভার দলনেতা টি কুথবার্ট। এদিন নাম ঠিক করার পাশাপাশি জোটের গঠন কাঠামো, কার্যপদ্ধতিও ঠিক হয়েছে।
জাতীয় রাজনীতির বর্তমান প্রেক্ষিতে বিজয়ের এই পদক্ষেপ বেশ তাৎপর্যপূর্ণ। কারণ বিজয়কে সরাসরি ইন্ডিয়া জোটে যোগদান করানোর চেষ্টা করছে কংগ্রেস। এখনও সেই প্রস্তাবে সরকারি সিলমোহর পড়েনি। এর মধ্যে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর দল থলপতিকেই প্রধানমন্ত্রীর মুখ হিসাবে তুলে ধরার চেষ্টায়। সম্প্রতি এক সমীক্ষায় গোটা দেশে প্রধানমন্ত্রী হিসাবে পছন্দের নিরিখে তৃতীয় স্থানে উঠে এসেছেন তিনি। সর্বভারতীয় সংবাদমাধ্যমে সেই সমীক্ষা প্রকাশের পর থেকেই বিজয়কে সর্বভারতীয় স্তরের নেতা হিসাবে তুলে ধরার চেষ্টা করছে টিভিকে। এই পরিস্থিতিতে সরাসরি ইন্ডিয়া জোটে তাঁর যোগদান নিয়ে দোলাচল বেশ তাৎপর্যপূর্ণ। প্রশ্ন উঠছে, তাহলে কি সরাসরি রাহুলকে নেতা মানতে চাইছেন না বিজয়?
যদিও কংগ্রেস বিষয়টি এভাবে দেখতে নারাজ। হাত শিবিরের দাবি, দ্রুতই বিজয় ইন্ডিয়া জোটে যোগ দেবেন। রাহুলকে প্রধানমন্ত্রী পদে সমর্থনও করবে তাঁর দল। তামিলনাড়ুতে যে জোট তৈরি হয়েছে সেটা রাজ্যস্তরের জোট। এর সঙ্গে কেন্দ্রীয় স্তরের লড়াইয়ের সম্পর্ক নেই। উত্তরপ্রদেশেও অখিলেশ যাদবের নেতৃত্বে পিডিএ জোটে রয়েছে কংগ্রেস। আবার মহারাষ্ট্রে রয়েছে এমভিএ। কিন্তু এই জোটের শরিকরা দিল্লিতে কংগ্রেসের সঙ্গে ইন্ডিয়া জোটে রয়েছেন। তেমন বিজয়ও থাকবেন।