• পার্সেল ডেলিভারি দিয়েই ‘আই লাভ ইউ’, র‌্যাপিডো চালকের মেসেজ দেখে চমকে গেলেন নয়ডার মহিলা
    এই সময় | ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ‘কেমন আছেন?’ কিছুক্ষণ আগেই তাঁর নয়ডার বাড়িতে পার্সেল দিয়ে গিয়েছেন র‌্যাপিডো চালক। তিনি দাম মিটিয়ে দিয়েছেন। ডেলিভারি বয় চলে গিয়েছে। কিন্তু তার পরে এমন মেসেজ! দেখে চমকে উঠেছিলেন গীতিকা। এটা কী হলো? কিন্তু চমকের বাকি ছিল আরও। ফোনে এ বার ভেসে উঠল আর একটা মেসেজ, ‘আই লাভ ইউ।’

    গীতিকার তো চেয়ার থেকে পড়ে যাওয়ার জোগাড়। লিঙ্কডইনে সেই কথোপকথনের স্ক্রিনশট পোস্ট করে তিনি প্রশ্ন তুলেছেন, ‘গ্রাহকের কি ন্যূনতম নিরাপত্তাও থাকবে না?’ লিঙ্কডইনে গীতিকা জানিয়েছেন, র‌্যাপিডোচালকের থেকে কেমন আছেন মেসেজ পাওয়ার পরেই খুব বিরক্ত হয়েছিলেন তিনি। সাফ জানিয়ে দিয়েছিলেন, আর যেন মেসেজ না করে। কিন্তু কে কার কথা শোনে! অভিযোগ, তার পরেই সরাসরি ‘আই লভ ইউ’ বার্তা পাঠিয়ে দেন র‌্যাপিডো চালক।

    ভালোবাসার বার্তা পাওয়ার পরে বিরক্ত নয়, রীতিমতো ক্ষুব্ধ গীতিকা স্পষ্ট ভাষায় র‌্যাপিডো চালককে বলেছিলেন, ‘আপনার কোম্পানিতে অভিযোগ জানাব।’ কিন্তু তরুণের আচরণে ছিল ‘ডোন্ট কেয়ার’ ভাব। যেন ‘পেয়ার কিয়া তো ডরনা কেয়া’। পাল্টা মেসেজে তিনি লেখেন, ‘করে দিন।’

    পুরো অভিজ্ঞতার কথা লিঙ্কডইনে জানিয়ে গীতিকা লিখেছেন, ‘মহিলা হিসেবে এমনিতেই নিরাপত্তা নিয়ে চিন্তায় থাকতে হয়। এখন যদি র‌্যাপিডোয় পার্সেল এলেও এমন অভিজ্ঞতা হয়, তা হলে সেটা সত্যিই উদ্বেগের বিষয়।’ র‌্যাপিডো চালকের ডোন্ট কেয়ার মনোভাব দেখে বিস্মিত তিনি। প্রশ্ন তুলেছেন, ‘তা হলে কি জানতেন, তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে না?’

    লিঙ্কডইনে তাঁর পোস্ট নজরে আসে র‌্যাপিডোর। গীতিকার কাছে দুঃখপ্রকাশ করে সংস্থা বলে, ‘এমন ঘটনায় আমরা ক্ষমাপ্রার্থী। গ্রাহকের নিরাপত্তা, সম্মান এবং মর্যাদাই আমাদের কাছে অগ্রাধিকার।’ পাশাপাশি ওই চালকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও গীতিকাকে আশ্বাস দেয় সংস্থা। অবশ্য তার পরেও বিতর্ক থামেনি। নেটিজ়েনের কেউ বলেছেন, ‘শুধু ক্ষমা চাইলে হবে না, কড়া ব্যবস্থা নিতে হবে।’ কেউ কেউ আবার র‌্যাপিডোর বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

  • Link to this news (এই সময়)