• গোপনে নাবালিকার বিয়ে দেওয়ার চেষ্টা, খবর পেয়েই রুখে দিল পুলিশ, আটক ২
    এই সময় | ১০ সেপ্টেম্বর ২০২৬
  • বাল্যবিবাহ নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার ২৪ ঘণ্টার মধ্য়ে গোপনে নাবালিকার বিয়ের আয়োজনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল। বুধবার মুর্শিদাবাদের ধুলিয়ানের গাজিনগরের ঘটনা। খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছে বিয়ে বন্ধ করে দেয় সামশেরগঞ্জ থানার পুলিশ। আটক করা হয়েছে নাবালিকা ও তার মা’কে।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৬ বছরের ওই কিশোরীর বিয়ের আয়োজন করেছিল তার পরিবারের সদস্যরা। অভিযোগ, বিষয়টি গোপন রাখার চেষ্টাই করেছিলেন তাঁরা। কিন্তু পুলিশের কাছে খবর পৌঁছে যায়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় সামশেরগঞ্জ থানার পুলিশ।

    একই সঙ্গে হাজির হন ব্লক প্রশাসনের আধিকারিকরাও। তাঁরা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। নাবালিকার বিয়ে দিলে কী ধরনের আইনি পদক্ষেপ করা হতে পারে, তা নিয়েও পরিবারকে সতর্ক করা হয়। এরপর নাবালিকা এবং তার মাকে নিয়ে যাওয়া হয় থানায়।

    নাবালিকার বিয়ে রুখতে প্রশাসনকে কড়া পদক্ষেপ করার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই প্রেক্ষাপটে প্রশাসনের নজরদারিও বাড়ানো হয়েছে বলে স্থানীয় সূত্রের দাবি। পুলিশ জানিয়েছে, নাবালিকার বিয়ের আয়োজনের সঙ্গে আর কারা জড়িত ছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।

    উল্লেখ্য, সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে বাল্যবিবাহ ও নাবালিকা মাতৃত্ব রুখতে কড়া আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দোষীদের বিরুদ্ধে পকসো এবং ভারতীয় ন্যায় সংহিতার আওতায় জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হবে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি, তাঁদের সব রকম সরকারি সুযোগ-সুবিধা ও ভাতা চিরতরে বন্ধ করে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী।

  • Link to this news (এই সময়)