• সাইবার অপরাধ মহারাষ্ট্রে, ধৃত ২
    এই সময় | ১০ সেপ্টেম্বর ২০২৬
  • এই সময়, শিলিগুড়ি: মহারাষ্ট্রের একটি সাইবার অপরাধের ঘটনায় পরপর দু'দিন মাটিগাড়া থানা এলাকা থেকে দু'জনকে গ্রেপ্তার করল পুলিশ। খোঁজ চলছে চক্রের মাথার। নির্দিষ্ট কমিশনের ভিত্তিতে সাইবার প্রতারকদের অ্যাকাউন্ট ভাড়া দেওয়া হয়েছিল। ভাড়া দেওয়ার জন্য অ্যাকাউন্ট খুঁজে দিতে এজেন্টের কাজ করছিলেন ধৃত দু'জন। ধৃতদের নাম বিকাশ রায় ও রাহুল রায়। বিকাশকে সোমবার ও রাহুলকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করা হয়।

    কয়েক মাস আগে মহারাষ্ট্রে বড় ধরনের সাইবার অপরাধ নিয়ে অভিযোগ আসে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর পোর্টালে। মহারাষ্ট্র পুলিশ তদন্ত শুরু করে। তারা শিলিগুড়ি যোগ খুঁজে পায়। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে যোগাযোগ করে।

    শিলিগুড়ি পুলিশ তদন্তে নেমে দেখে, এই ঘটনায় মাটিগাড়া এলাকার অনেকে জড়িত। ন'টি মিউল অ্যাকাউন্টের হদিস পায় মাটিগাড়া থানা। এর মধ্যে দু'টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিকাশের। রাহুলের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টেও বেশ কয়েক লক্ষ টাকা লেনদেনের তথ্য উঠে আসে।

    এই দু'জনকে গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, গত কয়েক বছর ধরে নিয়মিত সাইবার অপরাধীদের টাকা বিভিন্ন অ্যাকাউন্টে জমা নেওয়ার কাজ করতেন রাহুল ও বিকাশ। নিজেদের অ্যাকাউন্ট ব্যবহারের পাশাপাশি অন্যদের অ্যাকাউন্ট জোগাড় করে দেওয়াই ছিল তাঁদের কাজ। এ জন্য প্রতারকদের কাছ থেকে ৫ থেকে ১৫ শতাংশ পর্যন্ত কমিশন নিতেন তাঁরা। এই দু'জনের একাধিক ব্যাঙ্কের পাসবই, চেকবই ও মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ।

  • Link to this news (এই সময়)