নিয়ন্ত্রিত তাপমাত্রার 'কোয়ারান্টাইন' ব্যবস্থা, ২৪ ঘণ্টা নজরদারি, প্রতি দু' ঘণ্টায় কলা ও আপেল ছাড়াও যথেচ্ছ খেলনা ও দোলনা। পাঁচটি ওরাংওটাংয়ের জন্য আপাতত এই ব্যবস্থা করেছেন ওডিশার নন্দনকানন চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
সূত্রের খবর, ৮ সেপ্টেম্বর, মঙ্গলবার ওডিশার বালেশ্বরের রাঙ্কোঠা বড়পাহাড় এলাকা থেকে উদ্ধার করা হয় ৫টি ওরাংওটাংকে। স্থানীয় বাসিন্দারাই প্রথম পাঁচটি ওরাংওটাংকে জঙ্গলের মধ্যে দেখতে পান। গাছের মধ্যে ঘোরাফেরা করছিল তারা। বিষয়টি নজরে আসতেই বন দপ্তরে খবর দেওয়া হয়। বনকর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করেন।
সূত্রের খবর, বিদেশি ওই পাঁচ অতিথিদের যত্নে এতটুকু ত্রুটি রাখতে নারাজ ওডিশা সরকার। নন্দনকানন জ়ুলজিক্যাল পার্কের ডেপুটি ডিরেক্টর প্রদীপ মিরাসে জানিয়েছেন, পাঁচটি ওরাংওটাংয়ের ঘণ্টায় ঘণ্টায় শারীরিক পরীক্ষা হচ্ছে। তিন জন কিপার ও অত্যন্ত প্রশিক্ষিত পশু চিকিৎসকদের একটি দল বিদেশি অতিথিদের পরিচর্যার দায়িত্বে রয়েছেন। এ ছাড়া, যে ঘরে ওরাংওটাংদের রাখা হয়েছে, সেখানে সিসিটিভি লাগানো রয়েছে। একটি ওরাংওটাংয়ের জ্বর থাকায় তাকে নির্দিষ্ট মাত্রায় ওষুধ দেওয়া হচ্ছে। বাকিরা স্থিতিশীল।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছেন, নতুন অতিথিদের সঠিক পুষ্টিকর খাবার দেওয়া ও তাদের ভয়মুক্ত রাখাই এখন তাঁদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ, মানসিক ভাবে তারা যদি সুস্থ না থাকে, তা হলে তাদের যতই যত্ন করা হোক না কেন, তারা দ্রুত নতুন পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারবে না।
কর্তৃপক্ষ আরও জানিয়েছেন, মাইসুরু চিড়িয়াখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ওরাংওটাংদের জন্য স্পেশাল ডায়েট তৈরি করা হয়েছে। মাইসুরু চিড়িয়াখানায় থাকা তিনটি ওরাংওটাংয়ের পরিচর্যা কী ভাবে করা হয়, তা বিস্তারিত জেনে নেওয়া হয়েছে। সেই মতো ডায়েট চার্ট তৈরি হয়েছে।
সূত্রের খবর, পাঁচটির মধ্য়ে দু'টি খুব ছোট। কিপাররা তাদের আলু ও আপেল চটকে মেখে খাওয়াচ্ছেন। বাকি তিনটি ওরাংওটাং কলা ও আপেল ঠিক মতো খেতে পারছে। এ ছাড়া, সবাইকে খেতে দেওয়া হচ্ছে দুধ।
১. নন্দনকানন চিড়িয়াখানায় কতটি ওরাংওটাং এসেছে?
নন্দনকানন চিড়িয়াখানায় আপাতত পাঁচটি ওরাংওটাংকে বিশেষ ব্যবস্থায় রাখা হয়েছে।
২. ওরাংওটাংগুলির জন্য কী ধরনের কোয়ারান্টাইন ব্যবস্থা করা হয়েছে?
নিয়ন্ত্রিত তাপমাত্রার ঘরে ওরাংওটাংগুলিকে রাখা হয়েছে। তাদের ২৪ ঘণ্টা CCTV-তে নজরদারি করা হচ্ছে।
৩. ওরাংওটাংগুলিকে কী খাবার দেওয়া হচ্ছে?
প্রতি দু'ঘণ্টা অন্তর তাদের কলা ও আপেল দেওয়া হচ্ছে।
৪. ওরাংওটাংগুলির বিনোদনের জন্য কী ব্যবস্থা রয়েছে?
খাবারের পাশাপাশি তাদের জন্য পর্যাপ্ত খেলনা ও দোলনার ব্যবস্থা করা হয়েছে।
৫. ওরাংওটাংগুলির স্বাস্থ্য কী ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে?
প্রশিক্ষিত কিপার এবং পশু চিকিৎসকদের দল নিয়মিত তাদের স্বাস্থ্য পরীক্ষা করছেন। একটি ওরাংওটাংয়ের জ্বর থাকায় তাকে নির্দিষ্ট মাত্রায় ওষুধ দেওয়া হচ্ছে।
৬. নন্দনকাননে ওরাংওটাংগুলির উপর নজরদারি কী ভাবে হচ্ছে?
যে ঘরে তাদের রাখা হয়েছে সেখানে CCTV বসানো হয়েছে। পাশাপাশি কিপার ও পশু চিকিৎসকদের দল সার্বক্ষণিক নজর রাখছেন।