এই সময়: বিধানসভায় আজ, বৃহস্পতিবার, প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় ও কলেজ প্রশাসন সংক্রান্ত সংশোধনী বিলের উদ্দেশ্য নিয়ে ব্যাখ্যা দেবেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যাদবপুরে বুধবার গেরুয়া সম্মান যাত্রার শেষে সভায় মুখ্যমন্ত্রী নিজেই এই কথা জানিয়েছেন। শুভেন্দু বলেছেন, ‘বিধানসভায় কাল (বৃহস্পতিবার) উচ্চশিক্ষা দপ্তরের ঐতিহাসিক বিল আসতে চলেছে। ক্যাবিনেট অনুমোদন দিয়েছে। রাজ্যপালের সম্মতি আজকে (বুধবার) পাওয়া গিয়েছে। ইন্টার ইউনিভার্সিটি অধ্যাপক, শিক্ষাকর্মীদের নিয়ে নতুন নীতি চালু করতে চলেছে রাজ্য সরকার। উচ্চশিক্ষামন্ত্রী ও পরিষদীয় মন্ত্রীকে বলেছি, কাল (বৃহস্পতিবার) বিধানসভায় আমাকেও ২০ মিনিট বলার সুযোগ দেওয়ার জন্য।’
বিধানসভায় বৃহস্পতিবার বিশেষ অধিবেশন শুরু হওয়ার আগে সর্বদলীয় বৈঠক ও কার্যউপদেষ্টা কমিটির বৈঠক রয়েছে। সেই বৈঠকেই এই বিল পেশ করার সিদ্ধান্ত আনুষ্ঠানিক ভাবে গৃহিত হবে। এই বিলের উপরে বিতর্কে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেত্ৃত্বাধীন তৃণমূলের বিদ্রোহী শিবির থেকে প্রসূন মুখোপাধ্যায় বলতে পারেন। ঋতব্রত নিজেও বলতে পারেন।
তৃণমূলের কালীঘাট শিবির থেকে কে বলবেন তা স্পষ্ট নয়, তবে কালীঘাট শিবির এই বিলের বিরোধিতা করতে চলেছে। সিপিএমের তরফে মুস্তাফিজুর রহমান এবং আইএসএফের নওসাদ সিদ্দিকি বলতে পারেন। এরাও এই বিলের বিরোধিতা করতে পারেন। যদিও বিলের কপি বুধবার সন্ধ্যা পর্যন্ত হাতে আসেনি বলে বিরোধী শিবিরের একাধিক বিধায়কের বক্তব্য। এই বিল নিয়ে বিতর্কের পাশাপাশি একদিনের এই বিশেষ অধিবেশনে আর কোনও কার্যসূচি থাকবে কিনা তা কার্যউপদেষ্টা কমিটির বৈঠকের পর স্পষ্ট হবে। নব গঠিত বিধানসভায় ডেপুটি স্পিকার নির্বাচন এখনও হয়নি তা হবে কিনা এটাও স্পষ্ট নয়।
এই বিশেষ অধিবেশেনর পর বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসু বিদেশ সফরে যাচ্ছেন। দক্ষিণ আফ্রিকার কেপটাউনে কমনওয়েলথ দেশগুলির স্পিকারদের সম্মেলন হতে চলেছে। লোকসভার স্পিকার ওম বিড়লার নেতৃত্বে ভারত থেকে যে টিম যাচ্ছে সেখানে রথীন্দ্রনাথ বসু রয়েছেন। তৃণমূল জমানায় ১৫ বছরে কমনওয়েলথ দেশগুলির স্পিকার সম্মেলনে পশ্চিমবঙ্গ থেকে কোনও প্রতিনিধি যাননি বলে রথীন্দ্রনাথ জানিয়েছেন। দক্ষিণ আফ্রিকা থেকে স্পিকার আমেরিকা এবং ব্রিটেনে যাবেন।
বিধানসভায় বুধবার নিজের কক্ষে রথীন্দ্রনাথ বলেছেন, ‘আমেরিকা এবং ইউকে’তে আমি প্রবাসী বাঙালিদের সঙ্গে সাক্ষাৎ করব। পশ্চিমবঙ্গের উন্নয়নে প্রবাসী বাঙালিরা যাতে অংশগ্রহণ করেন সেই কথা বলব। প্রবাসী বাঙালিদের পশ্চিমবঙ্গে আসার জন্য অনুরোধ করব।’ দক্ষিণ আফ্রিকায় কমনওয়েলথ দেশগুলির স্পিকার সম্মেলনে সংসদীয় রাজনীতিতে এআই এবং ডিজিটাল প্রযুক্তির ব্যবহারের ক্ষেত্রে ভারতের অগ্রগতির কথা তুলে ধরা হবে বলে স্পিকার জানিয়েছেন।