• 'ওঁর সঙ্গে ২০১৪ সাল থেকে আলাপ...' শুভেন্দুর পরিশ্রম ও BJP সরকার নিয়ে সৌরভ যা বললেন...
    আজ তক | ১০ সেপ্টেম্বর ২০২৬
  • সক্রিয় রাজনীতি থেকে বরাবরই তিনি দূরে, তবে নানা সময়ে, নানা ইভেন্টে রাজনীতিবিদদের পাশে দেখা যায় সৌরভ গঙ্গোপাধ্যায়কে। মাঝে মধ্যে ভারতীয় ক্রিকেট দলের এই প্রাক্তন অধিনায়ককে নিয়ে বিতর্ক উস্কে ওঠেনি, তেমনটাও নয়। যদিও রাজনৈতিক মন্তব্য করা বরাবরই সযত্নে এড়িয়ে যান সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে এবার শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বাংলার নতুন BJP সরকারকে নিয়ে মুখ খুললেন মহারাজ। করলেন তাৎপর্যপূর্ণ মন্তব্যও। 

    ১০০ দিন অতিবাহিত হয়েছে শুভেন্দু অধিকারীর সরকারের। তবে এই ১০০ দিন একটা নতুন সরকারকে বোঝার জন্য খুব বেশি সময় নয় বলেই মনে করছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, 'অনেক আশা আছে, ভাল হবে। নতুন শিল্প হবে। আমি দেখেছি, ৩টি ফ্যাক্টরির উদ্বোধন হয়েছে। আশা করি আরও শিল্প আসবে। পশ্চিমবঙ্গে ব্যবসা-বাণিজ্য খুব জরুরি। মোদীজি, শুভেন্দুর লিডারশিপে পশ্চিমবঙ্গে এই জিনিস আসবে। ১০০ দিনে এত বড় রাজ্যের ক্ষেত্রে বিচার করা ঠিক নয়। অনেক সময় আছে। তবে আশা রয়েছে কারণ এই প্রথম কেন্দ্র ও রাজ্যে একই দল নেতৃত্বে। এর অনেক ইতিবাচক দিক রয়েছে।'

    তবে কি প্রথম বলেই ছক্কা হাঁকিয়েছে শুভেন্দুর সরকার? সৌরভের কথায়, 'ভাল খেলেছে।' মুখ্যমন্ত্রীরও প্রশংসা করেছেন সৌরভ। তাঁর কথায়, 'ক্রিকেটে যেমন বাক স্টপস অ্যাট ক্যাপটেন, তেমনই এক্ষেত্রে এভরিথিং স্টপস অ্যাট চিফ মিনিস্টার। ফলে এত দায়িত্ব তাঁর, সারাদিন দৌড়তে তো হবেই। ওঁকে শুভেচ্ছা জানালাম। ২০১৪ সাল থেকে ওঁকে চিনি, বেশি দেখা হয়নি যদিও।'

    অশোক দিন্দা, তাঁর এককালের সতীর্থকেও মন্ত্রিত্ব পাওয়ার জন্য শুভেচ্ছা জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। 

    তবে কি এবার রাজনীতিতে আসছেন?
    দাদার বক্তব্য, 'আপাতত কোনও ইচ্ছে নেই রাজনীতিতে আসার। তবে ভবিষ্যতে কী হবে, জানা নেই।'

    শালবনি ইস্পাত কারখানার মালিক কবে হচ্ছেন দাদা?
    সৌরভ বলেন, 'কাজ দ্রুতগতিতে এগোচ্ছে। আগামী ১২-১৩ মাসের মধ্যেই কাজ সম্পন্ন হয়ে যাবে। পরের বছর নভেম্বরে উদ্বোধনের টার্গেট রয়েছে।'

     
  • Link to this news (আজ তক)