• হাইওয়ের কাজে বারবার ঢিলেমি, উদ্বোধনে যেতে ‘অস্বীকার’ গড়করির, বললেন, ‘লজ্জা লাগছে’
    প্রতিদিন | ১০ সেপ্টেম্বর ২০২৬
  • নীতীন গড়করি। ইদানিং তিনি যেন বিতর্কের সমার্থক। ইথানল বিতর্কের জেরে বেশ কোণঠাসা। এবার ফের কেন্দ্রকে খানিক অস্বস্তিতে ফেললেন মন্ত্রিসভার প্রবীণ সদস্য। প্রকাশ্যে নিজের মন্ত্রকের কাজেই অসন্তোষ প্রকাশ করলেন তিনি। বলে গেলেন, যেভাবে কাজের গতি কমছে তাতে তিনি লজ্জিত। এমনকী মুম্বই-গোয়া হাইওয়ের উদ্বোধনেও যেতে রাজি নন কেন্দ্রীয় মন্ত্রী।

    বুধবার গোয়ায় একটি রাস্তার উদ্বোধনে গিয়ে কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতীন গড়করি বলেন, যেভাবে মুম্বই-গোয়া এক্সপ্রেসওয়ের কাজ লাগাতার পিছিয়ে যাচ্ছে, তাতে তিনি লজ্জিত। তাঁর কথায়, “এই মুম্বই-গোয়া এক্সপ্রেসওয়ের কাজ খুব হতাশাজনকভাবে দেরিতে শেষ হচ্ছে। আমার দিক থেকে দেখতে গেলে যেটা হয়েছে সেটা খুব দুর্ভাগ্যজনক। আমার মন্ত্রকের সাতটি বিশ্বরেকর্ড রয়েছে। তবে এবার আরেকটা রেকর্ড গড়তে চাই, সেটা হল ঠিকাদারদের কালো তালিকাভুক্ত করার রেকর্ড। এক বছরে সবচেয়ে বেশি ঠিকাদারদের কালো তালিকা ভুক্ত করার রেকর্ড আমরা গড়ব।”

    মন্ত্রীর ইঙ্গিত যেসব ঠিকাদারি সংস্থা ওই ৬ লেনের হাইওয়ের কাজে যুক্ত ছিল, সেই সব সংস্থাকে এবার কালো তালিকাভুক্ত করা হবে। শুধু তাই নয়, ওই প্রকল্পের সঙ্গে যুক্ত সরকারি আধিকারিকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। গড়করি বলে দিয়েছেন, “ভেবেছিলাম একটা ভালো সময় দেখে এই রাস্তার উদ্বোধন করব। সে আশা ছেড়ে দিতে হচ্ছে। অত অপেক্ষার সময় নেই। আমি এতটাই লজ্জিত যে নিজে এই হাইওয়ের উদ্বোধনে যেতেও চাই না।” গড়করি জানিয়েছেন, রাস্তার কাজ ৯৪-৯৫ শতাংশ শেষ হয়েছে। অক্টোবরে তিনি নিজে ওই রাস্তা খতিয়ে দেখবেন।

    ইথানল নিয়ে বিতর্কের আগে পর্যন্ত গড়করি মোদি মন্ত্রিসভার ‘সেরা পারফর্মার’ হিসাবেই পরিচিত ছিলেন। তাঁর আমলে দেশে সড়ক পরিকাঠামোতে রেকর্ড গতিতে কাজ হয়েছে বলেও দাবি করে সরকার। তবে গত এক-দু’বছরে গড়করি যেমন বিতর্কে, তেমনই বিতর্কে তাঁর মন্ত্রকও।
  • Link to this news (প্রতিদিন)