নতুন সাত বিষয়ে অনুমোদন পেয়ে এবার ভর্তি প্রক্রিয়া শুরু
বর্তমান | ১০ সেপ্টেম্বর ২০২৬
সংবাদদাতা, বালুরঘাট: রাজ্য উচ্চ শিক্ষা দপ্তরের অনুমোদন পেতেই এবার ভর্তি প্রক্রিয়া শুরু করল দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়। নতুন সাতটি বিষয়ের জন্য ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগামী ১৪-২৮ সেপ্টেম্বর দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের নতুন সাতটি ও পুরনো তিন বিষয়ের ভর্তি প্রক্রিয়া চলবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এমএ ও এমএসসির প্রতিটি বিষয়ের জন্য ৫০টি করে আসন বরাদ্দ হয়েছে। তবে একমাস আগে থেকে রাজ্যের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। তাই পর্যাপ্ত ছাত্র ভর্তি নিয়ে নতুন করে আশঙ্কার মেঘ দেখা দিয়েছে বিশ্ববিদ্যালয়ে। যদিও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়ার জন্য বাড়তি এক মাস সময় দেওয়ার আশ্বাস দিয়েছেন। তাই তড়িঘড়ি ভর্তি প্রক্রিয়া শুরু করে দিয়েছে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রণব ঘোষ বলেন, ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। ১৪ সেপ্টেম্বর থেকে ভর্তি প্রক্রিয়া চলবে। মোট ১০ টি বিষয়ে ভর্তি চলবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, রাজ্যের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলিতে আগস্ট মাস থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। জেলার বহু ছাত্র-ছাত্রী বাইরের বিশ্ববিদ্যালয়গুলিতে ইতিমধ্যে আবেদন করেছেন। অনেকে ভর্তি হয়ে গিয়েছেন। জেলার বিশ্ববিদ্যালয়ে পড়ার ইচ্ছে থাকলেও দেরি হয়ে যাওয়ায় অনেকে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলিতে ভর্তি হয়ে গিয়েছেন। তাই দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ে জেলার পর্যাপ্ত ছাত্র পেতে খানিকটা সমস্যা হতে পারে বলে মত অধ্যাপকদের। তবে এখনও অপেক্ষা করে রয়েছেন জেলার বহু পড়ুয়া। গঙ্গারামপুরের বেলবাড়ি এলাকার এক পড়ুয়া শম্ভু হালদার বলেন, আমি নিজের জেলার বিশ্ববিদ্যালয়ে বাংলা বিষয়ে পড়ার জন্য অপেক্ষা করছিলাম। সেই সঙ্গে ভেবেছিলাম মালদহ বা রায়গঞ্জে ভর্তি হব। অবশেষে নিজের জেলার বিশ্ববিদ্যালয় ভর্তি প্রক্রিয়া শুরু করছে। তাই এখন এখানেই আবেদন করব।
প্রসঙ্গত, দীর্ঘ চার বছর পর দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় নতুন সাতটি বিষয় পেয়েছে। বিশ্ববিদ্যালয়ে আগে ইংরেজি, অঙ্ক ও রাষ্ট্রবিজ্ঞানের বিষয় চালু ছিল।
এবার বিশ্ববিদ্যালয়ে এমএ ও এমএসসির জন্য বাংলা, ইতিহাস, সংস্কৃত, রসায়ন, এডুকেশন, দর্শন ও ভূগোল বিষয়ে অনুমোদন দিয়েছে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর। নতুন ওই বিষয়গুলির চাহিদা ও পর্যাপ্ত ছাত্রছাত্রী এ জেলায় রয়েছে বলে আগে সমীক্ষা করেছিল বিশ্ববিদ্যালয়।
নতুন বিষয়ের জন্য এখনও পর্যন্ত স্থায়ী অধ্যাপক নিয়োগের অনুমোদন আসেনি। তাই জেলার বিভিন্ন কলেজের বিভিন্ন বিষয়ের অধ্যাপকদের অতিথি অধ্যাপক হিসাবে নিয়োগ করতে চলেছে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।