নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দেশের সমুদ্র গবেষণায় নতুন জাহাজের আনুষ্ঠানিক উদ্বোধন হল বুধবার। গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড ভূবিজ্ঞান মন্ত্রকের অধীনস্থ ‘ন্যাশনাল সেন্টার ফর পোলার অ্যান্ড ওশান রিসার্চ’-এর জন্য এই জাহাজ (ওআরভি) তৈরি করেছে। সুনামির পূর্বাভাস সংক্রান্ত গবেষণার কাজেও এই জাহাজ বিশেষ ভূমিকা নেবে বলে জানিয়েছে সরকার পক্ষ। পোশাকি নাম দেওয়া হয়েছে ‘সাগর মন্থন’। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক এবং ভূবিজ্ঞান মন্ত্রকের (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন। কলকাতার ঋষি বঙ্কিম শিপইয়ার্ডে আয়োজিত এই অনুষ্ঠানে মন্ত্রকের সচিব শ্রীনিবাসকুমার তুম্মালা উপস্থিত ছিলেন। জাহাজটি ৮৯.৫০ মিটার লম্বা এবং ১৮.৮০ মিটার চওড়া। গতি হবে ১৪ নট। এটি সমুদ্রের সর্বোচ্চ ৬ কিমি গভীরতা পর্যন্ত ‘আন্ডারওয়ে সোয়াথ মাল্টিবিম’ এবং ভূভৌতিক সিসমিক জরিপ পরিচালনায় সক্ষম হবে।