• মুর্শিদাবাদে পঞ্চায়েত সমিতি এনসিপিআই-এর দখলে
    আজকাল | ১০ সেপ্টেম্বর ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদের রাণীনগর-২পঞ্চায়েত সমিতিতে অবাক কান্ড ! এনসিপিআই-কে পঞ্চায়েত সমিতি দখলে প্রয়োজনীয় সমর্থন দিল সিপিআইএম। আর এই ঘটনার পরই বামপন্থীদের আদর্শগত চেহারা নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস। 

    ২৭ আসন বিশিষ্ট রাণীনগর-২ পঞ্চায়েত সমিতিতে গত নির্বাচনে কংগ্রেস জয়ী হয় ৯ টি আসনে। পরে সিপিএমের ৫ জন সদস্যের সমর্থন নিয়ে  তারা বোর্ড দখল করে এবং কুদ্দুস আলী সভাপতি হিসেবে মনোনীত হয়েছিলেন। যদিও ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে কুদ্দুস কংগ্রেস ত্যাগ করে তৃণমূলে যোগ দিয়েছিলেন। 

    বিধানসভা নির্বাচনের পর রাজ্যের পালাবদল হতেই কুদ্দুস আলীর বিরুদ্ধে অনাস্থা আনেন রাণীনগর-২ পঞ্চায়েত সমিতির সংখ্যাগরিষ্ঠ সদস্য। যদিও কুদ্দুস অনাস্থা ভোটের আগেই নিজের পদ থেকে সরে দাঁড়ান। বুধবার আবু তাহের খান সমর্থিত তৃণমূল ত্যাগী এনসিপিআই-এর নয়জন সদস্য এবং সিপিএমের পাঁচজন সদস্যের ভোট নিয়ে তানিয়া পারভিন পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হন। 

    রাণীনগর-২ পঞ্চায়েত সমিতির কংগ্রেস সদস্য মিজান হাসান জানান, রাণীনগর-২ পঞ্চায়েত সমিতিতে মোট ২৭ জন সদস্য। তবে একজন সদস্যের পদ খারিজ হয়েছে। বর্তমানে ২৬ সদস্যের মধ্যে দু'জন গ্রেপ্তার হয়ে জেলবন্দী রয়েছেন।  তবে কোর্টের নির্দেশ ছিল তাঁদেরকে আজ ভোটাভুটির সময় হাজির করাতে হবে কিন্তু পুলিশ সেই নির্দেশ মানেনি। 

    তিনি বলেন,"আজকের ভোটাভুটিতে তৃণমূলত্যাগী ৯ জন এনসিপিআই সদস্য এবং পাঁচজন সিপিএম সদস্যের ভোট পেয়ে তানিয়া পারভীন নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন। তানিয়া পারভীনকে সভাপতি হিসেবে নির্বাচন করার জন্য প্রস্তাবক ছিলেন সিপিআইএম-এর  মুস্তাকিম আলম।"আজকের সভাপতি নির্বাচনের ভোটে কংগ্রেসের তরফ থেকে অসীমা মন্ডল প্রতিদ্বন্দ্বিতা করলেও তিনি ১৪-১০ ভোটে পরাজিত হন। 

    রাণীনগর বিধানসভার কংগ্রেস বিধায়ক জুলফিকার আলী বলেন, "আজকের অনাস্থা ভোটে বামপন্থীদের আদর্শগত চেহারা দেখা গেল। বামেদের পাঁচজন সদস্য আজ এনসিপিআই-কে পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচনে সাহায্য করেছে। তৃণমূলের প্রতীকে যারা জিতেছিল তাঁরা এখন আবু তাহের খানের নেতৃত্বে এনসিপিআই করছে।"

    মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল ত্যাগী এনসিপিআই সাংসদ আবু তাহের খান বলেন," ওই পঞ্চায়েত সমিতিতে একটা বড় অরাজকতা  চলছিল। একজনের বিরুদ্ধে সকল সদস্যের ক্ষোভ ছিল। তাঁরা পঞ্চায়েত সমিতিতে পরিবর্তন চাইছিল।"

    তিনি বলেন,"আমি আলাদা করে এনসিপিআই-এর কথা বলছি না। এলাকার নির্বাচিত সাংসদ হিসেবে আমি আজকে সেখানে উপস্থিত ছিলাম। আমার উপস্থিতিতে পঞ্চায়েত সমিতির সদস্যদের সহমতের ভিত্তিতে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন। সভাপতি নির্বাচনে সিপিআইএম আমাদেরকে সহযোগিতা করেছে।"

    যদিও আবু তাহের খানের এনসিপিআই-কে পঞ্চায়েত সমিতির দখল পেতে সিপিআইএম সদস্যরা সাহায্য করেছে এমন কোনও তথ্য জানা নেই বলে দাবি করেছেন সিপিআইএমের জেলা সম্পাদক জামির মোল্লা। তিনি বলেন,"আমি এই বিষয়ে কোনও খবর পাইনি। খবর নিয়ে দেখতে হবে কী হয়েছে ওখানে।"
  • Link to this news (আজকাল)