নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী আবু তাহের? শুনেই বললেন..
আজকাল | ১০ সেপ্টেম্বর ২০২৬
আজকাল ওয়েবডেস্ক: নন্দীগ্রাম থেকে ভোটে জিতলেও ভবানীপুরের বিধায়ক হিসেবে থেকে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফলে ফের ভোট হচ্ছে নন্দীগ্রামে। কে হবেন প্রার্থী? তৃণমূল আবার এই নির্বাচন আর উপনির্বাচনের মাঝেই ভেঙে টুকরো টুকরো। এই পরিস্থিতিতে একদিকে ঋতব্রত শিবির মমতা ব্যানার্জিকে নদনীগ্রামে ভোট লড়তে আহ্বান জানাচ্ছেন। অন্যদিকে, নন্দীগ্রামের প্রার্থী হিসেবে আবু তাহেরের নাম উঠতেই, মমতার কোর্টে বল ঠেললেন।
তাঁর সাফ দাবি, 'এখন দুর্দিনে আমি কেন প্রার্থী হতে যাবো। যখন সুযোগ ছিল তখন আমার কথা ভাবেনি। ২০২১-এ মমতা ব্যানার্জি সুদিনে নিজেই দাঁড়িয়ে ছিলেন, আমাদের কারোর সঙ্গে পরামর্শ করেননি। এখন দুর্দিনে তিনিই দাঁড়াবেন।'
তিনি আরও বলেন, আন্দোলনের সুফল পেয়েই সরকার ক্ষমতায় আসে ২০১১সালে। ক্ষমতায় আসার পর সুফল পায় সেখ সুফিয়ান। তিনি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ সহ সভাধিপতি হন। ছিলেন ভাইস চেয়ারম্যান হলদিয়া উন্নয়ন পর্ষদও। অভিযোগ, সতাঁদের তুলনায় আন্দোলের উল্লেখযোগ্য মুখ হলেও বঞ্চিত আবু তাহের বরাবরই। উলটে জুটেছে একাধিক মামলা। তার জেরে নন্দীগ্রাম ছেড়ে থাকতে হয়েছে বাইরেও। সাফ বার্তা, এখন দল বললেও, ভোটের ময়দানে নয় কিছুতেই।
অন্যদিকে, মমতা ব্যানার্জিকে নন্দীগ্রাম আসন থেকে প্রার্থী হওয়ার জন্য আমন্ত্রণ জানান ঋতব্রত তৃণমূলের নেতা আখরুজ্জামান। এদিন তিনি বলেন," নন্দীগ্রামে আসনে পরাজয় ওঁর জীবনের বড় দুঃখ। এবার ওই আসনে লড়াই করে জয়ী হয়ে নিজের স্বপ্ন পূরণ করতে পারেন।" আখরুজ্জামান আরও বলেন, "মুর্শিদাবাদের যে সমস্ত ভোটারদের নাম এসআইআর-এর কারনে এখনও বিচারাধীন তালিকায় রয়েছে তাদের নাম দ্রুত ভোটার তালিকায় তোলার দাবি জানিয়ে আজই আমরা নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছি।"