• আইআইটি খড়গপুরে কর্মীর খোঁজ, মাসিক বেতন কত?
    আজকাল | ১০ সেপ্টেম্বর ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: রাজ্যের প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যাপনার সুযোগ। এই মর্মে নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে আইআইটি খড়গপুরের তরফে। জানানো হয়েছে, শিক্ষকতার একাধিক পদমর্যাদায় কাজের সুযোগ মিলবে। পাশাপাশি, চিকিৎসকেরাও কাজের সুযোগ পাবেন। এ জন্য ইতিমধ্যেই শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া।

    বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিষ্ঠানে প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং সিনিয়র রেসিডেন্ট পদে কর্মী নিয়োগ করা হবে। এর মধ্যে সিনিয়র রেসিডেন্ট পদে নিযুক্ত ব্যক্তিরা নির্ধারিত মেয়াদের জন্য কাজের সুযোগ পাবেন। তবে শূন্যপদের সংখ্যা জানানো হয়নি। প্রতিষ্ঠানের বিসি রায় মাল্টিস্পেশ্যালিটি মেডিক্যাল রিসার্চ সেন্টারের জন্য এই নিয়োগ।

    বিভিন্ন পদে মেডিক্যাল এবং নন-মেডিক্যাল-উভয় ক্ষেত্রের প্রার্থীরাই আবেদন করতে পারবেন। তবে নন-মেডিক্যাল প্রার্থীদের জন্য নির্দিষ্ট ক্ষেত্রে স্পেশালাইজেশন থাকা জরুরি। পাশাপাশি প্রয়োজন পেশাগত অভিজ্ঞতারও।

    প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের ক্ষেত্রে প্রার্থীদের বয়স ৬০ বছরের মধ্যে হতে হবে। অন্য পদটির জন্য বয়সের মাপকাঠি সর্বোচ্চ ৪৫ বছর। তবে সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে।

    প্রতি পদেই নন-মেডিক্যাল এবং মেডিক্যাল ক্ষেত্র থেকে আশা আবেদনকারীদের বেতনকাঠামোয় কিছুটা ফারাক থাকবে। প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিযুক্তদের সর্বাধিক মাসিক বেতন হবে যথাক্রমে ১,৫৯,১০০-২,২০,২০০ টাকা, ১,৩৯,৬০০-২,১১,৩০০ টাকা এবং ১,০১,৫০০-১,৬৭,৪০০ টাকা।

    আগ্রহীদের https://erp.iitkgp.ac.in/Jobs/auth/facapps.htm ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আবেদনের শেষ দিন আগামী ৩১ ডিসেম্বর। এর পর ইন্টারভিউ অথবা অন্য বাছাই প্রক্রিয়ার মাধ্যমে যোগ্যদের সংশ্লিষ্ট পদগুলিতে নিয়োগ করা হবে।

     
  • Link to this news (আজকাল)