আজকাল ওয়েবডেস্ক: মাঝ জঙ্গলে একসঙ্গে চারটি মানব কঙ্কাল উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমানের কাঁকসায়। বুধবার কাঁকসার মলানদিঘীর জাঠগড়িয়া মোড় সংলগ্ন জঙ্গল থেকে ওই চারটি কঙ্কাল উদ্ধার হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জঙ্গলের মধ্যে কঙ্কালগুলি পড়ে থাকতে দেখে স্থানীয়রাই পুলিশকে খবর দেন। খবর পেয়ে কাঁকসা থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। এরপর এলাকা ঘিরে ফেলে নির্দিষ্ট প্রক্রিয়া মেনে কঙ্কালগুলি উদ্ধার করা হয়। পাশাপাশি ঘটনাস্থল এবং আশপাশের জঙ্গল এলাকায় তল্লাশিও চালানো হয়।
একসঙ্গে চারটি মানব কঙ্কাল উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। কঙ্কালগুলি সেখানে কীভাবে এল, কতদিন ধরে সেগুলি ওই এলাকায় পড়েছিল কিংবা ওই ব্যক্তিদের কীভাবে মৃত্যু হয়েছিল- তা এখনও স্পষ্ট নয়।
ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ফরেনসিক বিভাগের আধিকারিকরা কঙ্কালগুলি উদ্ধার করে পরীক্ষার জন্য পাঠানোর প্রক্রিয়া শুরু করেছেন। ফরেনসিক পরীক্ষার রিপোর্ট হাতে এলে কঙ্কালগুলির আনুমানিক বয়স, মৃত্যুর সময় এবং মৃত্যুর ধরন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে।
পাশাপাশি এলাকায় সাম্প্রতিক সময়ে কোনও ব্যক্তি নিখোঁজ হয়েছেন কি না, নিখোঁজ ব্যক্তিদের পরিবারের অভিযোগের সঙ্গে উদ্ধার হওয়া কঙ্কালগুলির কোনও যোগসূত্র রয়েছে কি না, সেই বিষয়টিও খতিয়ে দেখছে কাঁকসা থানার পুলিশ।
চারটি কঙ্কাল উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ও কৌতূহল তৈরি হয়েছে। তদন্ত এগোলেই ঘটনার আসল রহস্য সামনে আসবে বলে আশা স্থানীয়দের।