• শোকজ বিজেপির ডায়মন্ড হারবারের জেলা সভানেত্রীকে
    আজকাল | ১০ সেপ্টেম্বর ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: রাজ্য নেতৃত্বকে উপেক্ষা করে সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়ার অভিযোগ উঠল বিজেপির দক্ষিণ ২৪ পরগনার সাংগঠনিক জেলার জেলা সভানেত্রী সোমা ঘোষের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে তাঁকে শোকজ করল পশ্চিমবঙ্গ বিজেপির শৃঙ্খলা রক্ষা কমিটি। আগামী ৭ দিনের মধ্যে তাঁকে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।

    ৯ সেপ্টেম্বর, বিজেপির শৃঙ্খলা রক্ষা কমিটির তরফে সোমা ঘোষকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, তিনি রাজ্য নেতৃত্বকে উপেক্ষা করে এমন একটি সাংগঠনিক সিদ্ধান্ত নিয়েছেন, যা ‘অত্যন্ত লজ্জাজনক এবং দলীয় সংবিধান বিরোধী’। তাঁর এই আচরণের ফলে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

    চিঠিতে আরও জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ বিজেপির শৃঙ্খলা রক্ষা কমিটির সুপারিশ এবং রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যের নির্দেশ অনুযায়ী এই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। দলীয় চিঠিতে সোমা ঘোষকে প্রশ্ন করা হয়েছে, তাঁর এই আচরণ ও কার্যকলাপের জন্য কেন তাঁকে দলের পদ থেকে বরখাস্ত করা হবে না?

    আগামী সাত দিনের মধ্যে ওই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
  • Link to this news (আজকাল)