মমতাকে নন্দীগ্রাম-ভবানীপুর স্মৃতি মনে করালেন দিলীপ!
আজকাল | ১০ সেপ্টেম্বর ২০২৬
আজকাল ওয়েবডেস্ক: আর কয়েক সপ্তাহের অপেক্ষা। একাধিক হাইভোল্টেজ কেন্দ্রে উপনির্বাচন। এবার নন্দীগ্রামের উপনির্বাচনের প্রার্থী নিয়েও জোর জল্পনা। নন্দীগ্রামের উপনির্বাচনের প্রার্থী হতে পারেন মমতা ব্যানার্জি। সেক্ষেত্রে প্রার্থী নাও দিতে পারে ঋতব্রত শিবির।
এ প্রসঙ্গে, আজ, বৃহস্পতিবার রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ বললেন, "উনি নন্দীগ্রামে হেরেছেন। ভবানীপুরে হেরেছেন। আবার কি নন্দীগ্রাম গিয়ে হারবেন? কিছু লোক ওনাকে পালে হওয়া দিচ্ছে। উনি আর কোথায় কোথায় গিয়ে হারতে চান সেটা ওনার ব্যাপার। লোকজন ওনাকে উল্টো বুদ্ধি দিচ্ছেন। যান। গিয়ে লড়ুন। লড়াইটা জমুক।"
রেজিনগরে কি বিজেপি হুমায়ুন কবীরকে টেক্কা দিতে পারবে? বাবরি মসজিদ কি ফ্যাক্টর হবে? দিলীপের বক্তব্য, "বাবরি মসজিদ রাজনৈতিক মসজিদ ছিল। ওখানে মানুষ ঠিক করবেন তাঁরা উন্নয়ন চান কিনা।"
পুজোর আগেই উপনির্বাচন ঘিরে উত্তাপ বাড়ছে। তৃণমূলে প্রতীক যুদ্ধ অব্যাহত রয়েছে এখনও। এই প্রসঙ্গে দিলীপ ঘোষের বক্তব্য, "তৃণমূল মাথায় যুদ্ধের পাগড়ি বাঁধতে বাঁধতে যুদ্ধ শেষ হয়ে যাবে। প্রতীক কার? লোকজন কার? এইসব করতে করতে লোকসভা ভোট পেরিয়ে যাবে।"
কলকাতা পুরসভার নির্বাচনেও কি গেরুয়া ঝড় বইবে? দিলীপের দাবি, "অবশ্যই। বাংলায় যে পরিবর্তন হয়েছে সেটা পুরসভা এবং পঞ্চায়েত ভোটের মধ্যে দিয়ে বৃত্ত সম্পূর্ণ করবে। কলকাতা গতানুগতিকতা ছড়িয়ে বদল ঘটাবে।"