• মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, নাবালিকার বিয়ে আটকাল পুলিশ
    আজকাল | ১০ সেপ্টেম্বর ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: নাবালিকা বিয়ে বন্ধের জন্য মুখ্যমন্ত্রীর শুভেন্দু অধিকারীর কড়া ঘোষণার পরও গোপনে এক নাবালিকার বিয়ে দেওয়ার চেষ্টা। গতকাল, বুধবার রাতে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার পুলিশের হাতে আটক হলেন ওই নাবালিকা এবং তার মা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ধুলিয়ান পুরসভার গাজীনগর এলাকায়। 

    যদিও পুলিশ আসার খবর পেয়ে ওই এলাকা থেকে নাবালিকার পাত্র এবং তার বাড়ির লোক পালিয়ে যান বলে জানা গিয়েছে। 

    গত ৭ সেপ্টেম্বর নবান্নের সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, "দু'টো বিষয়ে এখন পশ্চিমবঙ্গ গোটা দেশে প্রথম। একটি হচ্ছে ১৮ বছরের নীচে বিবাহ আর অপরটির ১৮ বছরের নীচে সন্তান প্রসব, এই সমস্তটাই বিগত সরকারের কুফল।" সরকারি তথ্য অনুযায়ী, গত ছ'মাসে মুর্শিদাবাদের মোট ১২,৮৫৫জন নাবালিকার সন্তান প্রসবের ঘটনা ঘটেছে। নথিভুক্ত হওয়া এই ঘটনাগুলোর মধ্যে ১২ হাজারের বেশি ঘটনা মুর্শিদাবাদের গ্রামীণ এলাকার। 

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে তারা গোপন সূত্রে খবর পান ধুলিয়ান পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের গাজীনগর এলাকায় গোপনে ১৬ বছর বয়সি এক নাবালিকার বিয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে তার পরিবারের লোকেরা। পাত্র ওই একই এলাকায় থাকেন। 

    গোপন সূত্রে খবর পেয়ে, সামশেরগঞ্জ থানার পুলিশ ওই এলাকায় পৌঁছে নাবালিকার বিয়ে বন্ধ করে দেয়। ভণ্ডুল হয়ে যায় বিয়ের যাবতীয় আয়োজন। সূত্রের খবর পুলিশি অভিযানের খবর পেয়ে দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যান পাত্র এবং তাঁর পরিবারের লোকেরা। 

    মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাফ জানিয়ে দিয়েছেন, কোনও ব্যক্তি নাবালিকা বিয়ে বা সম্পাদন করার চেষ্টা করলে -সে বাবা-মা, পুরোহিত, কাজী যেই হোক না কেন তাঁর বিরুদ্ধে বিএনএস-এর ধারা অনুযায়ী মামলার রুজু হবে এবং সর্বোচ্চ দু'বছর কারাদণ্ড এবং এক লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা হবে। 

    ধুলিয়ান পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওবাইদুর রহমান বলেন, "এলাকাবাসীর কাছ থেকে আমি জানতে পেরেছি ওই নাবালিকার মায়ের মৃত্যুর পর তার বাবা নূর নবী আবার বিয়ে করেছেন। বর্তমানে সৎ মায়ের কাছে থাকত ওই নাবালিকা। নূর নবী কোনও স্থায়ী কাজ না করায় ওই পরিবারের আর্থিক অবস্থা ভাল নয়।"

    পুলিশের হাতে আটক হবার পর ওই নাবালিকার মা দাবি করেছেন, তাঁদের আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ এবং কোনও রকমের দিন গুজরান হয়। সেই কারণে 'ভাল' পাত্র পেয়ে তাঁরা মেয়ের বিয়ে দিয়ে দিচ্ছিলেন।
  • Link to this news (আজকাল)