• পরিবর্তনের যাদবপুরে এবার রেজিস্ট্রার বদল
    আজকাল | ১০ সেপ্টেম্বর ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: পরিবর্তনের বাংলায় বড় বদল বিশ্ববিদ্যালয়ে। গত কয়েকদিন ধরেই স্লোগান, দেওয়াল লিখন, বিক্ষোভে উত্তাল যাদবপুর বিশ্ববিদ্যালয়। সেই বিশ্ববিদ্যালয়েই এবার বড় বদল। নয়া ভারপ্রাপ্ত  রেজিস্ট্রার এবং ফাইনান্স অফিসার নিয়োগ করলেন রাজ্যপাল। 

    বুধবার বিজ্ঞপ্তি জারি করে জানানো হল, নতুন দায়িত্বের কথা। জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. দেবজিৎ দত্তকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবং কলা অনুষদের সচিব ড. ইন্দ্রজিৎ বন্দ্যোপাধ্যায়কে বিশ্ববিদ্যালয়ের অর্থ আধিকারিক হিসেবে অস্থায়ীভাবে নিয়োগ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই নিয়োগ তাঁদের স্বাভাবিক দায়িত্বের অতিরিক্ত হিসেবে কার্যকর হবে এবংযোগদানের তারিখ থেকে ০৬ (ছয়) মাস অথবা পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকরী থাকবে।

    অর্থাৎ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সেলিম বক্স মণ্ডলকে সরিয়ে দেওয়া হল। এর আগে, একাধিকবার চর্চায় উঠেছে সেলিমের নাম। 

    অন্যদিকে, বুধে ফের 'গেরুয়া সম্মান যাত্রা'-র ডাক যাদবপুরে।  নেতৃত্ব দেবেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিশাল পদযাত্রাটি শুরু হবে গোলপার্ক থেকে। সেখান থেকে যাদবপুরে পৌঁছবে ওই মিছিল। এ জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগেরবারের মতোই মূল ফটক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। জারি করা হয়েছে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি। 
  • Link to this news (আজকাল)