• বারুইপুর কাণ্ডে লাহেক আলিকে বড় নির্দেশ হাইকোর্টের!
    আজকাল | ১০ সেপ্টেম্বর ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের চাঞ্চল্যকর ঘটনায় ধৃত বাম কর্মী লাহেক আলির স্বস্তি আরও কিছুটা বাড়ল। বুধবার কলকাতা হাইকোর্টে এই সংক্রান্ত মামলার শুনানি চলাকালীন আদালত তাঁর অন্তর্বর্তী জামিনের মেয়াদ আরও চার সপ্তাহের জন্য বাড়িয়ে দিয়েছে। এর আগে গত ২ সেপ্টেম্বর উচ্চ আদালত তাঁকে নির্দিষ্ট কিছু শর্তসাপেক্ষে জামিন দিয়েছিল। আদালতের স্পষ্ট নির্দেশ ছিল, জামিনে মুক্ত থাকাকালীন লাহেক বারুইপুর পুলিশ জেলা এলাকার বাইরে যেতে পারবেন না এবং তদন্তের স্বার্থে পুলিশ প্রশাসনকে সবরকম সহযোগিতা করতে হবে। সেই শর্তাবলী বহাল রেখেই এদিন আদালত তাঁর জামিনের মেয়াদ আরও এক মাস বৃদ্ধি করল।

    গত জুলাই মাসে বারুইপুরের সূর্যপুর এলাকায় এক নাবালিকার ধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় উত্তাল হয়ে উঠেছিল গোটা এলাকা। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তা এবং সঠিক পদক্ষেপ না নেওয়ার অভিযোগ তুলে রাজপথে নেমে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন স্থানীয় বাসিন্দারা। সাধারণ মানুষের সেই প্রতিবাদ-বিক্ষোভে সামিল হয়েছিলেন লাহেক আলিও। পরবর্তীতে সেই গণবিক্ষোভকে কেন্দ্র করে এলাকায় চরম অশান্তি ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বারুইপুরের এই ঘটনাকে ঘিরে শুরু হয় রাজনৈতিক চাপানউতোর। বিজেপির তরফ থেকে গোটা বিষয়টিকে সাম্প্রদায়িক রূপ দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে, অন্যদিকে লাহেক আলি এবং সুজন চক্রবর্তীর মতো বাম নেতাদের বিরুদ্ধে একাধিক জামিন-অযোগ্য ধারায় মামলা দায়ের করে পুলিশ।

    সেই অশান্তিতে প্ররোচনা দেওয়ার অভিযোগে গত ১২ জুলাই রাতে পুলিশ লাহেক আলিকে গ্রেপ্তার করে। শুরু থেকেই এই ঘটনায় বাম শিবিরের দিকে আঙুল তুলে আসছিলেন বিজেপি নেতৃত্ব। এমনকি বারুইপুর পরিদর্শনে গিয়ে মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছিলেন, পুলিশের ওপর হামলা চালানো কিংবা আইন নিজের হাতে তুলে নেওয়া ব্যক্তিদের কাউকেই রেয়াত করা হবে না। রেললাইন উপড়ে ফেলা এবং পুলিশের গাড়ি ভাঙচুরে জড়িত প্রায় দু'শো জনকে চিহ্নিত করার কথাও তিনি ঘোষণা করেছিলেন। রাজনৈতিক উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এলাকায় উস্কানি দেওয়া হচ্ছিল বলেও অভিযোগ করেন তিনি। এমন উত্তপ্ত রাজনৈতিক টানাপোড়েন ও একের পর এক ধারায় মামলা রুজু হওয়ার আবহে আদালতের এই জামিনের মেয়াদ বৃদ্ধির নির্দেশ লাহেক আলি ও তাঁর পরিবারের কাছে আপাতত বড়সড় স্বস্তি হিসেবেই দেখা হচ্ছে।
  • Link to this news (আজকাল)