আজকাল ওয়েবডেস্ক: নামী বিদেশি সংস্থার প্রতিনিধি সেজে ডিজিটাল প্রতারণা চালাচ্ছিল একদল দুষ্কৃতী। লক্ষ্য মূলত বিদেশি নাগরিকেরা। গোপন সূত্রে খবর পেয়ে সল্টলেকের সেক্টর ফাইভের এক বেআইনি কল সেন্টারে হানা দিয়ে পুলিশ মঙ্গলবার রাতে এক জালিয়াতি চক্রের পর্দা ফাঁস করল। গ্রেফতার করা হয়েছে ১৯ জনকে।
বিধাননগর সাইবার ক্রাইম থানা, ডিডি, এসওজি এবং ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ যৌথ ভাবে এই অভিযান চালায়।
পুলিশ সূত্রের খবর, সল্টলেকের ওই কল সেন্টার থেকে 'অ্যামাজন'-সহ বিভিন্ন নামজাদা সংস্থার ভুয়ো প্রতিনিধি সেজে মার্কিন যুক্তরাষ্ট্র বা অন্যান্য দেশের বাসিন্দাদের ফোন করা হত। তার পর ভুল বুকিং বা পেমেন্ট সংক্রান্ত সমস্যার ভয় দেখিয়ে কৌশলে হাতিয়ে নেওয়া হত টাকা।
অভিযানের সময় পুলিশ ১২টি ল্যাপটপ, ২৩টি মোবাইল ফোন, ২৯,২১০ টাকা নগদ এবং বিদেশি গ্রাহকদের বিস্তারিত তথ্য সংবলিত বেশ কিছু নথি ও সিম কার্ড বাজেয়াপ্ত করেছে।
ঘটনাস্থল থেকে ১৯ জন পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি ৮ জন মহিলা কর্মীকে নতুন অপরাধ আইন-এর ৩৫(৩) নম্বর ধারায় আইনি নোটিস দেওয়া হয়েছে। তাঁদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় নতুন ভারতীয় ন্যায় সংহিতা এবং ইন্ডিয়ান টেলিগ্রাফ অ্যাক্টের বিভিন্ন ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
প্রাথমিক তদন্তের পর পুলিশ আধিকারিকদের অনুমান, এই চক্রের জাল আরও দূর পর্যন্ত ছড়িয়ে রয়েছে। ঠিক কত টাকার প্রতারণা করা হয়েছে এবং এর নেপথ্যে মূল মাথার সন্ধান পেতে ধৃতদের জেরা করা হচ্ছে।