সত্যজিতের টিমের সঙ্গে যুদ্ধ লিস্টনদের, সূচি বদলে কাল ইস্টবেঙ্গল ম্যাচ
এই সময় | ১০ সেপ্টেম্বর ২০২৬
এই সময়: শঙ্করলাল চক্রবর্তীর কোচিংয়ে ২০১৮ সালে শেষ বার কলকাতা ফুটবল লিগের খেতাব জিতেছিল মোহনবাগান। আট বছর পরে ফের খেতাব জয়ের লড়াইয়ে সবুজ মেরুনের সেনাপতি আর এক বাঙালি কোচ বাস্তব রায়।আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে প্রিমিয়ার ডিভিশনের চ্যাম্পিয়নশিপের লড়াই। গ্রুপ পর্যায়ের খেলায় পয়েন্ট ও গোলের গড়ে ইস্টবেঙ্গল সবার আগে শেষ করেছে। ভবানীপুর দুইয়ে। মোহনবাগান ছিল তিনে। কিন্তু লিগ পর্যায়ের পয়েন্ট ক্যারি ফরোয়ার্ড না হওয়ায় চ্যাম্পিয়নশিপের ৬ টিমের মধ্যে আজ থেকে ফের নতুন করে লড়াই।
মঙ্গলবার আইএফএ যে ক্রীড়াসূচি প্রকাশ করেছিল, তাতে ময়দানে নিজেদের ঘরের মাঠে দুই প্রধানের একই সঙ্গে শুরু করার কথা ছিল। মোহনবাগানের ম্যাচ কোল ইন্ডিয়ার বিরুদ্ধে। আর ইস্টবেঙ্গলের লড়াই ছিল ইউনাইটেড স্পোর্টসের সঙ্গে। কিন্তু ইস্টবেঙ্গল এই ম্যাচ এ দিন ম্যাচটা খেলতে রাজি হয়নি। ইউনাইটেডও চিঠি দিয়ে ম্যাচ পিছোনোর আর্জি জানিয়েছিল। তাই তাদের ম্যাচ পিছিয়ে দেওয়া হয়েছে শুক্রবারে। মোহনবাগান–কোল ইন্ডিয়া ম্যাচটা আজই হবে।
তবে মোহনবাগানের সঙ্গে ইউনাইটেডের ম্যাচ ১৩ সেপ্টেম্বরের বদলে ১৪ সেপ্টেম্বর করেছে আইএফএ। মোহনবাগানের দাবি ছিল, দুই প্রধানের চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলো একই সঙ্গে হোক। আগে–পরে ম্যাচ হলে গড়াপেটার আশঙ্কা থাকবে। আইএফএ সচিব অনির্বাণ দত্ত অবশ্য জানিয়ে দিলেন, তাঁরা পরিস্থিতি বুঝে দুই প্রধানের শেষ ম্যাচটা একসঙ্গে করতে পারেন।
মোহনবাগান–কোল ইন্ডিয়া ম্যাচটায় কার্যত ধর্মসঙ্কটে সবুজ মেরুনের প্রাক্তন তারকা সত্যজিৎ চট্টোপাধ্যায়। মোহনবাগানের তিনি সহ–সচিব। আবার কোল ইন্ডিয়া টিমের কার্যত টিডির ভূমিকায়। কোল ইন্ডিয়ার কোচ অবশ্য নাসিম আলি। সত্যজিৎ বেঞ্চে বসেন না। নাসিমের সমস্যা, তাঁর প্রথম একাদশের জনা চারেক ফুটবলারের চুক্তি শেষ হয়ে যাওয়ায় তাঁদের পাবেন না। ফলে কিছুটা হলেও শক্তি তাদের কমছে।
অন্য দিকে, মোহনবাগান আজ সাহল, আপুইয়াদের মতো জাতীয় টিমে ডাক পাওয়া ফুটবলারদের না খেলিয়ে লিস্টন, দীপক টাংরি, রাহুল ভেকেদের খেলাতে পারে। সঙ্গে সুযোগ পেতে পারেন রবিলাল মান্ডি, সন্দীপ মালিকের মতো বাঙালি ফুটবলাররাও।