• যাদবপুরের ‘আজাদি গ্যাং’-কে উৎখাতের ডাক শুভেন্দুর
    eTV Bharat | ১০ সেপ্টেম্বর ২০২৬
  • কলকাতা, 9 সেপ্টেম্বর: 'আজাদি গ্যাং'কে যাদবপুর থেকে উৎখাতের ডাক দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ৷ বুধবার যাদবপুরে গেরুয়া সম্মান যাত্রার মঞ্চ থেকে এই 'হুঁশিয়ারি' দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেন, ‘‘যাদবপুর বিশ্ববিদ্যালয় সেন্টার অফ এক্সেলেন্স, ঋষি অরবিন্দর ভূমি ৷ আমি শপথ নিয়েছি, সেখান থেকে কাশ্মীর মাঙ্গে আজাদি গ্যাং, কিষেণজিকে রেড স্যালুট দেওয়া লোকেদের, আর যারা গেরুয়া তাণ্ডব লিখেছে, তাদের শিকড়-সহ তুলে ফেলব ৷’’

    এদিন কলকাতার গোলপার্ক মোড় থেকে যাদবপুর এইটবি বাসস্ট্যান্ড পর্যন্ত গেরুয়া সম্মান যাত্রার আয়োজন করা হয়েছিল ৷ সেই যাত্রায় বিজেপির বেশ কয়েকজন নেতা, বিধায়ক অংশ নেন ৷ পাশাপাশি ছিলেন অসংখ্য সাধু-সন্ন্যাসী ৷ আর মিছিলের পুরোভাগে ছিলেন মুখ্যমন্ত্রী ৷

    তিনি গোলপার্ক থেকে এইটবি বাসস্ট্যান্ড পর্যন্ত হেঁটে পৌঁছনোর পর নির্ধারিত মঞ্চে ভাষণ দেন ৷ সেখানেই তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে আজাদি গ্যাংকে উৎখাতের ডাক দেন ৷ মঞ্চের সামনে উপস্থিত সনাতনী জনতার উদ্দেশে তিনি প্রশ্ন ছোঁড়েন, ‘‘এদের পরিষ্কার করবেন তো ? প্রস্তুত তো সবাই ?’’

    তবে তিনি কীভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে আজাদি গ্যাংকে পরিষ্কার করবেন, সেই বিষয়ে বিস্তারিত কিছু বলেননি ৷ কিন্তু ইঙ্গিত দিয়েছেন, কিছু একটা হতে চলেছে সরকারিভাবে ৷ আর সেটা আগামিকাল বৃহস্পতিবারই হবে ৷ তিনি জানান, পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা দফতর নতুন বিল আনছে এবং যা করার করছে । তাই তিনি এখানে বাকিটা বলবেন না ৷ তিনি আগামিকাল বিধানসভায় যা বলার বলবেন ।

    মুখ্যমন্ত্রী আরও জানান, ওই বিল পাশের জন্য বৃহস্পতিবার বিধানসভায় সকাল 11 টা থেকে বেলা 1টা পর্যন্ত অধিবেশন চলবে ৷ সেখানেই উচ্চশিক্ষা দফতর ঐতিহাসিক বিল আনতে চলেছে । এই বিল নিয়ে ক্যাবিনেট অনুমোদন দিয়েছে এবং রাজ্যপালের সম্মতি আজ পাওয়া গিয়েছে । একই সঙ্গে মুখ্য়মন্ত্রী জানান, সমস্ত বিশ্ববিদ্যালয় অধ্যাপক, শিক্ষাকর্মীদের বদলির নীতি চালু করছে পশ্চিমবঙ্গ সরকার ।

    পাশাপাশি, যাদবপুরে আগামিদিনে কী কী কর্মসূচিতে তিনি যোগ দেবেন, তাও বিস্তারিত উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ৷ বলেন, ‘‘আমি কিছুদিনের মধ্যেই এখানে পশ্চিমবঙ্গ সনাতন সংস্কৃতি পরিষদের ডাকে আরও দু’বার আসব । যারা দেশের ভিতরে থেকে, দেশ এবং গেরুয়াকে অপমান করছে, তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য গীতা পাঠ করতে আসব । আর একবার হনুমান চালিশা পাঠ করতে।’’

    মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘‘আপনারা জানেন আমি 2011 সালে পণ করেছিলাম কমিউনিস্টকে সরাব ৷ আমি পণ করেছিলাম মোদিজির নেতৃত্বে ছাব্বিশে তৃণমূল সরকারকে সরাব । আপনাদের সাহায্যে সেটা হয়েছে । আপনারা সাহায্য করুন ৷ সঙ্গে থাকুন ৷ স্বামী বিবেকানন্দের মাটি, শ্রীচৈতন্যদেবের ভূমি, স্বামী প্রণবানন্দের ভূমি গেরুয়াই হবে ।’’
  • Link to this news (eTV Bharat)