মহালয়ায় ইডেনে সরকারি অনুষ্ঠান, বাংলার রঞ্জি ম্যাচ সরতে পারে কল্যাণীতে
eTV Bharat | ১০ সেপ্টেম্বর ২০২৬
কলকাতা, 9 সেপ্টেম্বর: পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনা ৷ পালাবদলের বাংলায় এই বছরের শারোদৎসব ভিন্ন মাত্রার। মহালয়ার দিন, 10 অক্টোবর থেকেই শারোদৎসবের সুর উঁচু লয়ে বাঁধতে চাওয়া হচ্ছে। তাই প্রথমবার ইডেন গার্ডেন্সে হবে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। সঙ্গে জমকালো লেজার-শো। যার মধ্যে দিয়ে হবে দুর্গাপুজোর সূচনা।
আনুষ্ঠানিকভাবে ঘোষণা না-হলেও মহালয়ার অনুষ্ঠানে ইডেনে হাজির থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই অনুষ্ঠান উপলক্ষ্যে 21 দিনের জন্য ইডেন গার্ডেন্স চেয়ে 8 সেপ্টেম্বর ই-মেল করা হয়েছে রাজ্যের যুব কল্যাণ ও ক্রীড়া দফতরের সচিবকে। প্রেরক রাজ্যের তথ্য ও সংস্কৃতি মন্ত্রকের সচিব ডক্টর সৌমিত্র মোহন। সেই চিঠিতে যুব কল্যাণ ও ক্রীড়া দফতরকে নির্দেশ দেওয়া হয়েছে, সিএবি-র সঙ্গে কথা বলে 25 সেপ্টেম্বর থেকে 15 অক্টোবর পর্যন্ত মাঠ নেওয়ার জন্য।
প্রধানমন্ত্রী ওইদিন অনুষ্ঠানে থাকবেন বলে শোনা যাচ্ছে ৷ সেজন্য অনুষ্ঠানটি হাই প্রোফাইল হবে বলাই বাহুল্য। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-সহ রাজ্যের সমস্ত প্রশাসনিক পদাধিকারীরা থাকবেন। আর প্রধানমন্ত্রী থাকা মানে নিরাপত্তা নিয়ে বাড়তি কড়াকড়ি । ইডেন গার্ডেন্সকে আগাম নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হবে। সেইসঙ্গে অনুষ্ঠানের জন্য মঞ্চ নির্মাণ, পুরো স্টেডিয়ামকে সাজিয়ে তোলা, সব মিলিয়ে বিশাল এক কর্মযজ্ঞ চলবে। যে কারণে 21 দিনের জন্য মাঠ চাওয়া হয়েছে।
বিশ্ব যোগা দিবস উপলক্ষেও সাতদিন ধরে রেড রোড আংশিক বন্ধ করে মঞ্চ নির্মাণ-সহ আয়োজনের খুঁটিনাটি করা হয়েছিল। এবার ইডেনে নেওয়া হচ্ছে। অতীতে নতুন শতাব্দী বরণ অনুষ্ঠানের জন্য ইডেন নেওয়া হয়েছিল। এদিকে বাংলার রঞ্জি ট্রফি অভিযান শুরু 11 অক্টোবর, রবিবার।
ইডেনেই রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে বাংলা ও দিল্লি মুখোমুখি হবে। সূচি প্রকাশ করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। 10 অক্টোবর ইডেনে অনুষ্ঠান হলে 11 তারিখ ম্যাচ আয়োজন কার্যত অসম্ভব। তাই কল্যাণীতে হতে চলেছে বাংলা বনাম দিল্লি ম্যাচ। সিএবি সচিব বাবলু কোলে জানিয়েছেন, বিকল্প হিসেবে কল্যাণীর মাঠ ভেবে রাখা হয়েছে। তবে, সবকিছু ভাবনার স্তরে। এখনও চূড়ান্ত হয়নি।