একদিকে বর্ষা, অপরদিকে বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার ফলে ফুলেফেঁপে রয়েছে কংসাবতী নদী। এই পরিস্থিতিতে কংসাবতীতে আচমকা দেখা মিলল দৈত্যাকার কুমিরের। সোশাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। ঘটনাকে কেন্দ্র করে প্রবল আতঙ্ক ছড়িয়েছে মেদিনীপুরের পাঁশকুড়ায় (Panskura)।
ব্যাপারটা ঠিক কী? সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে কুমিরের একটি ভিডিও। সেই পোস্ট করে দাবি করা হচ্ছে, পাঁশকুড়া কংসাবতী নদীতে লকগেটের কাছে বিশালাকার কুমিরটির দেখা মিলেছে। কোনও এক ব্যক্তি সোশাল মিডিয়ায় পোস্ট করেন কুমিরের ছবি। তারপর থেকেই আতঙ্ক ছড়ায় পাঁশকুড়া কংসাবতী নদী তীরবর্তী এলাকায়। ভিডিও দেখাযায় প্রায় ১২-১৩ ফুট দৈত্যকার কুমির কংসাবতী নদীর জলে ভেসে বেড়াচ্ছে। যদিও ভিডিওটি আদৌ সত্যি কি না, তা এখনও নিশ্চিত নয়।
তবে পাঁশকুড়া বনদপ্তরের তরফ থেকে নদী তীরবর্তী পাঁশকুড়ার বিভিন্ন গ্রামের বাসিন্দাদের সচেতন থাকার বার্তা দেওয়া হয়েছে। নদীতে স্নান করতে কিংবা মাছ ধরতে নামতে নিষেধ করা হয়েছে। তবে আতঙ্কের পাশাপাশি কুমির নিয়ে স্থানীয়দের কৌতুহলেরও অভাব নেই। অনেকেই ভয়কে দূরে সরিয়ে নদীর ধারে কুমির দেখার জন্য ভিড় জমাচ্ছেন।