১০৮ মিটারের ভারত মণ্ডল থেকে প্রদীপ প্রজ্জ্বলন, প্রধানমন্ত্রীর জন্মদিনে ‘মেগা সেলিব্রেশন’ বঙ্গে
প্রতিদিন | ১০ সেপ্টেম্বর ২০২৬
৭৫ বছর পেরিয়ে ৭৬-এ পা রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ১৭ সেপ্টেম্বর তাঁর জন্মদিন। প্রতি বছরই এই জন্মদিন উপলক্ষে বিজেপি একাধিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে। এবার এ রাজ্যেও বিজেপি সরকার। ফলে এবছর মোদির জন্মদিনে ‘মেগা সেলিব্রেশন’-এর পরিকল্পনা করেছে পশ্চিমবঙ্গ সরকার। আজ, বৃহস্পতিবার সেই সংক্রান্ত প্রস্তুতি বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপরই তিনি নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে বিস্তারিত কর্মসূচির কথা জানালেন। ১৭ সেপ্টেম্বর পূর্বঘোষণামতো ‘অন্নপূ্র্ণা দিবস’ পালনের পাশাপাশি কলকাতায় দিনভর একাধিক অনুষ্ঠান হবে।
শুধু প্রধানমন্ত্রী মোদির জন্মদিন নয়, ‘প্রশাসক’ নরেন্দ্র মোদির ২৫ বছরও পূর্ণ হচ্ছে এবছর। গুজরাটের মুখ্যমন্ত্রী ও দেশের প্রধানমন্ত্রীর দায়িত্বে তিনি পেরিয়েছেন ২৫টি বছর। এই কৃতিত্বের জন্য তাঁকে এবার আলাদাভাবে সম্মানিত করতে চান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই উপলক্ষে ১৭ তারিখ বড়সড় অনুষ্ঠান হবে বাংলাজুড়ে। মূল অনুষ্ঠান অর্থাৎ সূর্যাস্তের পর প্রদীপ প্রজ্জ্বলন হবে কলকাতায়, গঙ্গার তীরে। এরপর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উদযাপন করা হবে প্রধানমন্ত্রী মোদির জন্মদিন। ওইদিন প্রায় ‘অকাল দিওয়ালি’র পরিবেশ তৈরি হতে চলেছে। মুখ্যমন্ত্রী এদিন জানান, ওইদিন কলকাতার বিভিন্ন সরকারি ও ঐতিহ্যবাহী ভবন, কালীঘাট মন্দির সাজানো হবে প্রদীপ দিয়ে।
মুখ্যমন্ত্রী আরও জানান, মোদির জন্মদিন উপলক্ষে বিকশিত ভারত সংকল্প যাত্রা হবে, যাতে বাইক ও সাইকেল নিয়ে মিছিল, সেবা যাত্রা, সেবাসেতু যাত্রা, রঙ্গোলি যাত্রা, রাষ্ট্রীয় ইনোভেশন চ্যালেঞ্জ – এমনই একাধিক কর্মসূচি পালিত হবে। এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হতে চলেছে রঙ্গোলি যাত্রা। এতে প্রাকৃতিক সামগ্রী দিয়ে ১০৮ মিটার ‘ভারত মণ্ডল’ তৈরি হবে। পূর্বাংশের রাজ্যগুলি মিলে হবে ‘রাষ্ট্রীয় ইনোভেশন চ্যালেঞ্জ’। এছাড়া ৮০ হাজার স্কুলপড়ুয়া অংশ নেবে ‘বিকশিত ভারত’ প্রতিযোগিতায়। ২০৪৭ সালে কেমন হবে ভারত, তা নিয়ে অঙ্কন, প্রবন্ধ লেখা, রচনা লেখা, আবৃত্তি প্রতিযোগিতা হবে। এর আয়োজন করছে স্কুলশিক্ষা দপ্তর।
রাজ্যজুড়ে মোদির জন্মদিনে মেগা সেলিব্রেশন হলেও নন্দীগ্রাম, রেজিনগরে তা পালিত হবে না। কারণ, আগামী ৬ অক্টোবর এই দুই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ‘‘নন্দীগ্রাম, রেজিনগরে সরকারের তরফে কোনও অনুষ্ঠান হবে না। কারণ, এই দুই জায়গায় আদর্শ আচরণবিধি লাগু রয়েছে। সেখানকার সাধারণ জনতা অথবা রাজনৈতিক দলের তরফে অবশ্য উদযাপন হতে পারে।”