• ‘আমার বিশ্বাস, শর্মিষ্ঠারা সুস্থই রয়েছেন চিন...’, প্রশাসনের কাছে কী অনুরোধ জানালেন মুকুল-পুত্র শুভ্রাংশু?
    এই সময় | ১০ সেপ্টেম্বর ২০২৬
  • নেপালে হড়পা বান বিপর্যয়ের পর দিন পনেরো কেটে গিয়েছে। এখনও খোঁজ মেলেনি শর্মিষ্ঠা ভৌমিক রায়ের। তবে স্বামী তথা মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায়ের বিশ্বাস, তাঁর স্ত্রী সুস্থই রয়েছেন। সম্ভবত চিন-তিব্বত সীমান্তে কোনও অজানা জায়গায় রয়েছেন। শুধু তাঁর স্ত্রীই নন, যে ৩২ জনের পর্যটক দলের সঙ্গে গিয়েছিলেন শর্মিষ্ঠা, তাঁরা সকলেই জীবিত রয়েছেন বলেই মনে করছেন শুভ্রাংশু।

    ‘চলো যাই’ নামে কলকাতার একটি পর্যটন সংস্থা ৩২ জনের একটি দলকে নিয়ে গত ২১ অগস্ট নেপালের উদ্দেশে রওনা দিয়েছিল। ওই পর্যটকদলের গন্তব্য ছিল মানসরোবর। শুভ্রাংশু জানান, শর্মিষ্ঠা ওই দলেই ছিলেন। নেপালে একাই গিয়েছিলেন তিনি। কিন্তু বিপর্যয়ের পর থেকে তাঁর আর খোঁজ নেই। নেপালে গিয়ে রাজ্যের যাঁরা নিখোঁজ হয়েছেন, তাঁদের খোঁজ পেতে সব রকম পদক্ষেপ করা হবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু সরকারি তরফেও এখনও সদর্থক খবর মেলেনি।

    শুভ্রাংশুর অভিযোগ, নেপালে বিপর্যয়ের পর থেকেই নানা বিভ্রান্তিকর তথ্য প্রকাশ্যে এসেছে। তাতে আরও উদ্বিগ্ন হয়ে পড়েছেন নিখোঁজদের পরিবারের লোকেরা। তাই প্রশাসনের কাছে সঠিক তথ্য প্রকাশ করার আবেদন জানিয়েছেন শুভ্রাংশু। শর্মিষ্ঠাদের খোঁজ পেতে ইতিমধ্যেই ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে প্রশাসনের তরফে। শুভ্রাংশুর অনুরোধ, ডিএনএ পরীক্ষা যাতে অন্তত দু’বার করানো হয়। এ ব্যাপারে ভারত সরকারের আরও উদ্যোগী হওয়া প্রয়োজন বলেই মনে করছেন শুভ্রাংশু।

  • Link to this news (এই সময়)