দক্ষিণ ২৪ পরগনার নামখানায় বুধবার রাতে ক্ষতবিক্ষত অবস্থায় এক ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে। দেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। শনাক্ত করার প্রক্রিয়া চালাচ্ছে পুলিশ। দক্ষিণ ২৪ পরগনার ফলতায় তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি ও সেচ দপ্তরের চুক্তিভিত্তিক কর্মী বুদ্ধদেব মণ্ডলকে অপহরণের অভিযোগ ঘিরে চাঞ্চল্যের মাঝেই নামখানায় উদ্ধার হয় দেহ। উদ্ধার হওয়া দেহটি বুদ্ধদেব মণ্ডলের কি না, তা নিয়ে তৈরি হয়েছে রহস্য।
বুদ্ধদেব মণ্ডলের পরিবারের অভিযোগ, মঙ্গলবার ফলতার কেল্লা সংলগ্ন স্লুইস গেটের কাছে সেচ দপ্তরের অফিস থেকে একদল দুষ্কৃতী বুদ্ধদেব মণ্ডলকে তুলে নিয়ে যায়। অফিস থেকেই পরিবারের সদস্যদের ফোন করে অপহরণের কথা জানানো হয়। পরিবারের অভিযোগের ভিত্তিতে ফলতা থানায় অপহরণের মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ।
এই ঘটনায় বুধবার বিজেপির তিন বুথ সভাপতি ও এক কর্মীকে গ্রেপ্তার করা হয়। ধৃতরা হলেন অমিত সর্দার, বিজয় দাস, সন্দীপ শাসমল ও অশোক কর্মকার। ধৃতদের ডায়মন্ড হারবার মহকুমা আদালতে তোলা হলে আদালত তাঁদের সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। দলের ওই চারকর্মীকে বিজেপির ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার সভাপতি সোমা ঘোষ সাসপেন্ড করেন বলে খবর। কয়েক ঘণ্টার মধ্যে সোমা নিজেই শো-কজ়ের চিঠি পান। দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশ ছাড়াই তিনি কী ভাবে এই সিদ্ধান্ত নিলেন, সে ব্যাপারে জানতে চাওয়া হয়েছে।
অন্যদিকে, পাতিবুনিয়ায় উদ্ধার হওয়া দেহটির পরিচয় নিশ্চিত করতে তদন্ত চালাচ্ছে পুলিশ। দেহটি বুদ্ধদেব মণ্ডলের কি না, নাকি অন্য কোনও ব্যক্তির— সে ব্যাপারে নিশ্চিত করে কিছু জানায়নি পুলিশ।