• খেলতে গিয়ে স্কুলের ছাদ থেকে পড়ে আহত পঞ্চম শ্রেণির ছাত্র, চিকিৎসাধীন হাসপাতালে
    এই সময় | ১০ সেপ্টেম্বর ২০২৬
  • খেলতে গিয়ে স্কুলের ছাদ থেকে পড়ে গুরুতর আহত পঞ্চম শ্রেণির এক ছাত্র। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মহিষাদল ব্লকের তাজপুর হাইস্কুলে। আহত পড়ুয়ার নাম প্রিয়াংশু মল্লিক। ওই পড়ুয়াকে তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

    জানা গিয়েছে, এ দিন সময়ের আগেই স্কুলে গিয়েছিল প্রিয়াংশু। স্কুল শুরুর আগে স্কুলের ছাদে অন্যান্য সহপাঠীর সঙ্গে খেলছিল সে। হঠাৎ ছাদের ধার থেকে পড়ে যায় পড়ুয়াটি। সঙ্গে সঙ্গে ছুটে আসেন স্কুলের শিক্ষকরা। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

    প্রধান শিক্ষক স্বদেশরঞ্জন বেরা বলেন, ‘স্কুল শুরুর আগে খেলতে খেলতে ছাদ থেকে পড়ে যায়। আমরা ওকে উদ্ধার করে চিকিৎসার জন্য তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করেছি। সেখানে তার চিকিৎসা চলছে।’

    কয়েকদিন আগেই মহিষাদলের একটি নামী বেসরকারি স্কুলের এক পড়ুয়ার রহস্যজনক মৃত্যু হয়। স্কুল থেকে পড়ুয়ারা মহিষাদল রাজবাড়ির মাঠে একটি ফুটবল টুর্নামেন্ট খেলতে গিয়েছিল। সেখানেই পাশের একটি জলাশয়ে ডুবে গিয়ে মৃত্যু হয়েছিল ওই পড়ুয়ার। মৃত্যুর সঠিক তদন্তের দাবি তুলেছিলেন পড়ুয়ার মা-বাবা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও স্কুলে গিয়ে দুর্ঘটনার কবলে এক পড়ুয়া। ছোট ছোট বাচ্চাদের স্কুলে পাঠানোর পরে শিক্ষকদের তাদের উপরে সঠিক ভাবে নজরদারি রাখা উচিত বলে জানাচ্ছেন অভিভাবকরা।

  • Link to this news (এই সময়)