গত ৭ সেপ্টেম্বর নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, বাল্যবিবাহ এবং নাবালিকা মাতৃত্ব রুখতে কড়া পদক্ষেপ করবে রাজ্য। এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে মামলা রুজু হবে। বৃহস্পতিবার কথা মতো কাজও হয়ে গেল। নাবালিকাকে বিয়ে করার জন্য এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। ধৃত যুবকের নাম রাহুল মণ্ডল। বাল্যবিবাহ রুখতে জেলায় কড়া নজরদারি রয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার পাপিয়া সুলতানা।
বুধবার গড়বেতার একটি নার্সিংহোমে সন্তানের জন্ম দেয় ১৭ বছরের এক নাবালিকা। মেয়েটির বয়স জানতে পেরেই পুলিশকে খবর দেন ওই বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ। প্রাথমিক তদন্তের পরে পুলিশ রাহুল নামে ২১ বছরের ওই যুবককে গ্রেপ্তার করেছে। জানা গিয়েছে, ওই যুবক গড়বেতার সন্ধিপুর এলাকার বাসিন্দা।
পশ্চিম মেদিনীপুর পুলিশ সুপার পাপিয়া সুলতানা বলেন, ‘মুখ্যমন্ত্রী বাল্যবিবাহ কিংবা অল্প বয়সে গর্ভবতী না হওয়ার বিষয়ে যথেষ্ট সচেতন রয়েছেন। নাবালিকার সন্তান প্রসবের কথা জানার পরেই আমরা সঙ্গে সঙ্গে পদক্ষেপ করি। নাবালিকার স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। এ রকম পদক্ষেপ সবসময়ই নেওয়া হবে। এরকম গ্রেপ্তার জেলায় প্রথম।’
উল্লেখ্য, সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, বাল্যবিবাহ রোধে ২০০৬–এর আইন এবং পকসো আইনের বিভিন্ন ধারা দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এর পাশাপাশি সমগ্র সরকারি সুযোগ-সুবিধা ও ভাতা বন্ধ করে দেওয়া হবে বলেও জানান হয়। মেদিনীপুর পুলিশের তরফে জানানো হয়েছে, কোথাও এরকম বাল্যবিবাহ বা নাবালিকার সন্তান প্রসবের খবর পেলে তৎক্ষণাৎ যেন থানায় যোগযোগ করা হয়।