• অন্নপূর্ণার ৩০০০ পেতে সারেন্ডার করতে হবে বিধবা ভাতা, এ ক্ষেত্রে নিয়মটা জানা আছে তো?
    এই সময় | ১১ সেপ্টেম্বর ২০২৬
  • চলতি সপ্তাহেই সুখবর দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২৫ থেকে ৬০-এর মধ্যে বয়স হলে, তিনি যদি বিধবা ভাতার ১৫০০ টাকা পান, তা সারেন্ডার করে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পেতে পারেন। একটিমাত্র পদক্ষেপে বেড়ে যেতে পারে তাঁর মাসিক ভাতার অঙ্ক, সবটাই হবে আবেদনের ভিত্তিতে। যদিও এ নিয়ে এখনও সরকারি কোনও নির্দেশিকা বার হয়নি। কিন্তু জেলায় জেলায় বিডিও অফিসগুলিতে খোঁজ খবর নেওয়া শুরু হয়ে গিয়েছে বহু মানুষের। কী ভাবে সম্ভব স্কিমে থাকা নাম সারেন্ডার করা? খোঁজ নিল এই সময় অনলাইন।

    সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই এই পরামর্শ দিয়েছেন। ৭ সেপ্টেম্বর নবান্ন থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন বার্ধক্য ও বিধবা ভাতার অঙ্ক এখন থেকে ১৫০০ টাকা করা হলো। সেই সময়েই তিনি জানিয়েছিলেন, ২৫ থেকে ৬০ বছর বয়সের মধ্যে যাঁরা বিধবা ভাতা নিচ্ছেন, তাঁরা সেটা সারেন্ডার করে অন্নপূর্ণা ভাতার জন্য আবেদন করতে পারেন।

    কেউ যদি বিধবা ভাতা পেয়ে থাকেন, তিনি নিজের ব্লকের বিডিও-কে চিঠি দিয়ে জানাতে পারেন যে, তিনি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছেন, তাঁর বিধবা ভাতা যেন বন্ধ করে দেওয়া হয়। এরপর বিডিও অফিস থেকে জেলাস্তরে পাঠানো হবে সেই চিঠি। সেখান থেকে বাকি কাজ করা হবে। পুরসভা এলাকার ক্ষেত্রে পুরসভাতেও যোগাযোগ করা যেতে পারে, নিয়ম অন্তত এমনটাই।

    সরকারি নিয়মে একসঙ্গে ২টি ভাতা পাওয়া যায় না। কিন্তু একটি মাত্র ক্ষেত্রে রয়েছে ব্যতিক্রম। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দিব্যাঙ্গ ভাতা যাঁরা পেয়ে থাকেন, তাঁরা একই সঙ্গে অন্নপূর্ণা যোজনার জন্যও আবেদন করতে পারবেন। তাঁদের ক্ষেত্রে একইসঙ্গে ২টি ভাতা পাবেন তাঁরা। সেক্ষেত্রে মোট ৪৫০০ টাকা পাবেন তাঁরা।

  • Link to this news (এই সময়)