• রাতে বাড়িতে ঢোকা, জোর করে পোশাক খুলে দেওয়া ধর্ষণের চেষ্টা নয়! রায় হাই কোর্টের
    প্রতিদিন | ১১ সেপ্টেম্বর ২০২৬
  • বাড়িতে ঢুকে, পোশাক খোলার চেষ্টা বা খুলে দেওয়া অপরাধ হলেও তা ধর্ষণের চেষ্টা নয়। প্রায় ২৬ বছর আগের একটি মামলায় এমনটাই রায় দিল ঝাড়খণ্ড হাই কোর্ট (Jharkhand High Court)। মহিলার শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার মধ্যে পার্থক্য স্পষ্ট করেছেন বিচারপতি প্রদীপকুমার শ্রীবাস্তব।

    দীর্ঘ শুনানির পর বিচারপতি মন্তব্য করেছেন, অভিযুক্তের বিরুদ্ধে যেসব কাজের অভিযোগ আনা হয়েছে, তা আইনি মানদণ্ড অনুসারে ধর্ষণের চেষ্টা প্রমাণ করে না। তবে নারীর শালীনতা ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে বলপ্রয়োগের মতো অপরাধে অভিযুক্ত যুক্ত। তা প্রমাণিত। সেই দায়ে আদালত অভিযুক্তের সাজা বহাল রেখেছে।

    ১৯৯৯ সালের ২৬ ডিসেম্বর। বছরের শেষের দিকে শীতের রাতে এক মহিলার ঘরে ঢুকে তাঁকে ধর্ষণের চেষ্টার অভিযোগ ওঠে যুবকের বিরুদ্ধে। থানায় অভিযোগ জানান মহিলা। পরের দিন ২৭ ডিসেম্বর অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়। সেই মামলা চলে ঝাড়খণ্ডের নিম্ন আদালতে। প্রায় বছরখানেক আগে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে আদালত। চার বছরের কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ হন ওই ব্যক্তি। ইতিমধ্যেই ৮ মাস কারাগারে কাটিয়েছেন তিনি।

    সেই মামলাতেই উভয়পক্ষ ও সাক্ষী, বয়ান, সমস্ত প্রমাণ খতিয়ে দেখে ঝাড়খণ্ড হাই কোর্টের রায়, এই মামলার সাক্ষ্য-প্রমাণ থেকে এটা প্রমাণিত ওই ব্যক্তি মহিলার শ্লীলতাহানি করেছে। কিন্তু তা ধর্ষণের চেষ্টা তার প্রমাণ পাওয়া যায়নি।
  • Link to this news (প্রতিদিন)