• ‘পুরো বন্দে মাতরম নয়’, এবার কেন্দ্রের আদেশ উড়িয়ে সরকারি নির্দেশিকা কর্নাটকে
    প্রতিদিন | ১১ সেপ্টেম্বর ২০২৬
  • মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার আগেই ঘোষণা করেছিলেন, পার্টি লাইন মেনে ছ’টি স্তবকের পুরো গান নয়, জাতীয় গানের দু’টি স্তবকই গাওয়া হবে কর্নাটকে। বৃহস্পতিবার সেই মতো সরকারি নির্দেশিকাও জারি হয়ে গেল রাজ্যে। যেখানে বলা হয়েছে, কর্নাটক রাজ্যের যে কোনও সরকারি অনুষ্ঠানে বন্দে মাতরমের (Vande Mataram Row) দু’টি স্তবক গাওয়া বাধ্যতামূলক, সম্পূর্ণ গান নয়। এইসঙ্গে উল্লেখ করা হয়েছে, ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় জাতীয়তাবাদ, ঐক্য ও দেশপ্রেমের প্রসারে এই গান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।

    কন্নড় ভাষায় জারি করা হয়েছে জাতীয় গান সম্পর্কিত নির্দেশিকা। যেখানে বলা হয়েছে, জাতীয় গান ‘বন্দে মাতরম’ নিয়ে নির্দেশিকা জারি করেছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক। এর আনুষ্ঠানিক সংস্করণ এবং বিভিন্ন সরকারি ও সর্বজনীন অনুষ্ঠানে গাওয়া বা বাজানোর বিষয়ে রাজ্য নির্দেশিকা জারি করছে। সেই মতোই অনুষ্ঠানের প্রেক্ষাপট অনুযায়ী যথাযথভাবে তা অনুসরণ করতে হবে। কার্যত কেন্দ্রের সম্পূর্ণ গান গাওয়ার নির্দেশিকা উড়িয়ে কর্নাটক রাজ্য সরকার নিজেদের নির্দেশিকা জারি করল।

    গত সপ্তাহে কংগ্রেস ওয়ার্কিং কমিটি ১৯৩৭ সালের ঐতিহাসিক সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করে। যেখানে বলা হয়েছিল, জনসভা ও জাতীয় অনুষ্ঠানে ‘বন্দে মাতরম’-এর কেবল প্রথম দু’টি স্তবকই গাওয়া হবে। কংগ্রেসের এই সিদ্ধান্তে ‘বন্দে মাতরম’ নিয়ে সরাসরি সংঘাত তৈরি হয়েছিল মোদি সরকারের। উল্লেখ্য, বিল পাশ করে আইন এনে জাতীয় গান ‘বন্দে মাতরম’কে জাতীয় সঙ্গীত জনগণমন-এর সমান মর্যাদা দিয়েছে কেন্দ্র। এর মধ্যে রয়েছে সম্পূর্ণ গান গাওয়ার নির্দেশিকাও। এটা স্পষ্ট হয়ে গেল, মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার পার্টি লাইন মেনেই সিদ্ধান্ত নিলেন। এরপর কি তাঁর বিরুদ্ধে জাতীয় গানকে অবমাননার অভিযোগ লাগু হবে?

    উল্লেখ্য, আগেই শিবকুমার বলেছিলেন, “আমার দলের আদর্শে বিশ্বাসী আমি। যা সিদ্ধান্ত হয়েছে, তার পক্ষেই অটল। আমার অজান্তে রাজভবনের ভেতরে হয়ত এমনটা (পুরো গান গাওয়া) হতে পারে। তবে ভবিষ্যতে সরকারের যেকোনও কর্মসূচিতে আগের অবস্থানেই থাকব। অর্থাৎ দুটি স্তবক গাওয়ার বিষয়েই অটল থাকব।”
  • Link to this news (প্রতিদিন)