রাস্তায় বসেছিল গরু, ঝাপিয়ে পড়ে টাটা সুমোয় তুলে নিল দুই ব্যক্তি, তারপর…
প্রতিদিন | ১১ সেপ্টেম্বর ২০২৬
রাতের অন্ধকার নয়, আর পাঁচটা সাধারণ দিনের মতোই চারপাশ গমগম করছে। অথচ সেই আবহেই ঘটে গেল এমন এক কান্ড, যার সিসিটিভি ফুটেজ দেখে চক্ষু চড়কগাছ স্থানীয়দের। আস্ত এক পরিণত বয়স্ক গরুকে চড়াও করে তোলা হল গাড়ির ভেতর, তাও আবার মাত্র কয়েক সেকেন্ডের কারসাজিতে! চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে সালানপুর (Salanpur) থানার রূপনারায়ণপুর ফাঁড়ির অন্তর্গত পিঠাকেয়ারী এলাকায়। এলাকাটি বাংলা-ঝাড়খণ্ড সীমানা লাগোয়া হওয়ায় দুষ্কৃতীদের উপদ্রব নতুন নয়, তবে এবার তাদের দুঃসাহস সব সীমা ছাড়ালো।
কী দেখা গেল সিসিটিভি ফুটেজে?
ভাইরাল হওয়া ফুটেজে দেখা যায় , বাড়ির ঠিক সামনেই শান্তভাবে বসেছিল দু’টি গবাদি পশু। আচমকা সেখানে এসে দাঁড়ায় একটি কালো কাঁচের টাটা সুমো গাড়ি। গাড়িটি থামতেই নিমেষের মধ্যে পেছনের দরজা খুলে যায়। চটজলদি গাড়ি থেকে নেমে আসে দুই দুষ্কৃতী। কিছু বুঝে ওঠার আগেই বসে থাকা একটি গরুকে কার্যত জোরপূর্বক তুলে ফেলা হয় গাড়ির পেছনের সিটে। চালক আগে থেকেই গাড়ি চালু রেখেছিল, গবাদি পশুটিকে ভেতরে পুরেই চম্পট দেয় চোরের দল।
গাড়িতে এমন পেশাদার কায়দায় গরু চুরির দৃশ্য সামনে আসতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা পিঠাকেয়ারী ও রূপনারায়ণপুর জুড়ে। সীমানা এলাকা হওয়ায় দুষ্কৃতীরা অপরাধ ঘটিয়ে সহজেই অন্য রাজ্যে পালিয়ে যাচ্ছে বলে অভিযোগ তুলেছেন ক্ষুব্ধ বাসিন্দারা। প্রকাশ্য আলোয় বাড়ির সামনে থেকে এভাবে গবাদি পশু উধাও হয়ে যাওয়ায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনার তদন্তে নেমেছে সালানপুর থানার পুলিশ।