• মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই অ্যাকশন! নাবালিকা স্ত্রীর সন্তান প্রসব, গড়বেতায় গ্রেপ্তার স্বামী
    প্রতিদিন | ১১ সেপ্টেম্বর ২০২৬
  • মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারির পরই গ্রেপ্তার নাবালিকার স্বামী। ১৭ বয়সি নাবালিকা সন্তান প্রসবের পরই তাঁর স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। বাল‌্যবিবাহ আইনের আওতায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরে গড়বেতায় (Garbeta)।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় এক বছর আগে গড়বেতার বাসিন্দা রাহুল মণ্ডল নামে এক যুবকের সঙ্গে বিয়ে হয় নাবালিকার। পরবর্তীকালে গর্ভবতী হয় সে। দিন চারেক আগে প্রসব যন্ত্রণা নিয়ে চন্দ্রকোনা রোডের এক বেসরকারি নার্সিংহোমে তাকে ভর্তি করা হয়। এরপর ওই হাসপাতালেই এক সন্তানের জন্ম দেন নাবালিকা গৃহবধূ। চিকিৎসাও চলে। পরে নার্সিংহোমের তরফে বিষয়টি জানানো হয় থানায়। পুলিশ পৌঁছে সব দিক খতিয়ে দেখে। তারপরই গ্রেপ্তার করা হয় নাবালিকার স্বামীকে।

    উল্লেখ্য, বাল্যবিবাহ ও নাবালিকাদের সন্তান প্রসবে বাংলার স্থান উপরের সারিতে। যা কোনওভাবেই কাম্য নয়। নাবালিকা মায়ের যেমন স্বাস্থ্যের ঝুঁকি থাকে, তেমনভাবেই সদ্যোজাতের প্রাণের ঝুঁকি থেকেই যায়। অনেক ক্ষেত্রে মাকে বাঁচানো গেলেও সদ্যোজাতের মৃত্যু হয়। তা ঠেকাতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু কড়া দওয়াইয়ের কথা বলেছেন। দিন কয়েক আগেই তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “আঠারো বছরের নিচে বিবাহতে আমরা প্রথম। আঠারো বছরের নিচের কন্যারা সন্তানের জন্ম দিল। কারা করালেন? এই সরকার কিন্তু ছাড়বে না। থামাতে হবে। বাড়ি বাড়ি থেকে তুলে আনব। আর আঠারো বছরের নিচে বিয়ে করলে তো আগেই পকসো আইনে জেলে যাবে।” সেই হুঁশিয়ারির পরই অ্যাকশন পশ্চিম মেদিনীপুরে।
  • Link to this news (প্রতিদিন)