• উপনির্বাচনের জেরে উচ্চমাধ্যমিকের সেমিস্টারের দিনক্ষণ বদল, জেনে নিন নয়া পরীক্ষাসূচি
    প্রতিদিন | ১১ সেপ্টেম্বর ২০২৬
  • উপনির্বাচনের জেরে বদলে গেল উচ্চমাধ্যমিকের পরীক্ষার রুটিন। পরীক্ষা শুরুর মাত্র ১১ দিন আগে জানানো হল পরীক্ষাসূচি বদলের কথা। বৃহস্পতিবার বিকেলে বিজ্ঞপ্তি প্রকাশ করে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, রাজ্যের দুই বিধানসভা কেন্দ্র – মুর্শিদাবাদের রেজিনগর এবং পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে উপনির্বাচনের কারণে পরীক্ষার সূচিতে পরিবর্তন করা হয়েছে।

    উল্লেখ্য, ৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচন। ফল ঘোষণা ৯ অক্টোবর। উপনির্বাচনের দিনই উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের বেশ কয়েকটি বিষয়ের পরীক্ষা নির্ধারিত হয়েছিল। সেগুলির নির্ঘন্ট বদলেছে। নয়া রুটিন সকল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের পরীক্ষার্থীর জন্যই প্রযোজ্য বলে জানানো হয়েছে সংসদের তরফে। জানা গিয়েছে, গণিত, বিজনেস ম্যাথমেটিক্স অ্যান্ড স্ট্যাটিসটিক্স, বেসিক ম্যাথমেটিক্স ফর সোশাল সায়েন্স, এগ্রিকালচার, সাংবাদিকতা এবং গণজ্ঞাপন, সংস্কৃত, পার্সি ও আরবি বিষয়ের পরীক্ষা ৫ অক্টোবরের পরিবর্তে ১২ অক্টোবর হবে।

    এছাড়া সাইবার সিকিউরিটি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা সায়েন্স, সমাজবিদ্যা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স, ফিশারিজ অ্যান্ড অ্যাকোয়াকালচারের পরীক্ষা ৬ অক্টোবরের বদলে ১৩ অক্টোবর হবে। বায়োলজিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞান, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশনের পরীক্ষা ৭ অক্টোবরের বদলে হবে ১৪ অক্টোবর। সংসদ জানিয়েছে, ২৫ জুনের প্রকাশিত মূল বিজ্ঞপ্তিতে অন্যান্য সমস্ত নিয়মাবলি ও নির্ঘণ্ট অপরিবর্তিত থাকবে। কেবল এই তিনটি দিনের নির্ধারিত বিষয়ের পরীক্ষাতেই বদল আনা হয়েছে। অর্থাৎ যে পরীক্ষা ৭ অক্টোবর শেষ হওয়ার কথা ছিল তা শেষ হচ্ছে ১৪ অক্টোবর, দুর্গাপুজোর চতুর্থীতে।
  • Link to this news (প্রতিদিন)