• ‘পরিবারের অভিভাবক শুভেন্দু চাইলে…’, নন্দীগ্রামে বিজেপির প্রার্থীপদ জল্পনা নিয়ে মুখ খুললেন নিহত চন্দ্রনাথের মা
    প্রতিদিন | ১১ সেপ্টেম্বর ২০২৬
  • নন্দীগ্রাম উপনির্বাচনে বিজেপির প্রার্থীপদ জল্পনা তুঙ্গে। শোনা যাচ্ছে, শুভেন্দু অধিকারীর ছেড়ে যাওয়া আসনে নাকি দাঁড়াতে পারেন তাঁর নিহত আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের মা হাসি রথ। তিনি সাফ জানান, বর্তমানে শুভেন্দুই তাঁর পরিবারের অভিভাবক। তাই তিনি যা সিদ্ধান্ত নেবেন, সেটাই হবে। হাসি রথের কথায়, “শুভেন্দু অধিকারী চাইলে নন্দীগ্রামের দায়িত্ব নিতে আমি তৈরি।” যদিও বিজেপির তরফে এই জল্পনা প্রসঙ্গে মুখ খোলেননি কেউ।

    নন্দীগ্রাম বিধানসভার উপনির্বাচন ঘোষণা হতেই কে হবেন বিজেপির প্রার্থী, তা নিয়ে চরম জল্পনা চলছে। একাধিক নাম উঠে এসেছে। সেই তালিকায় একদম প্রথম সারিতে রয়েছেন নিহত চন্দ্রনাথের মায়ের নাম। আর এ প্রসঙ্গে হাসির রথ বলেন, “বিষয়টি এখনও শুধুই জল্পনার পর্যায়ে রয়েছে। আমি একজন বিজেপি পরিবারের সদস্য। বিজেপি একটি সুশৃঙ্খল দল এবং দলের কেন্দ্র ও রাজ্য নেতৃত্বের আলোচনার মাধ্যমেই প্রার্থী ঠিক করা হয়। তাই এখনই প্রার্থী নিয়ে কোনও সিদ্ধান্তের কথা বলা যায় না।”

    এরপর নিজের পরিবারের প্রসঙ্গ তুলে আবেগঘন হয়ে তিনি বলেন, “ছেলে মারা যাওয়ার পর শুভেন্দু অধিকারী আমার পরিবারের অভিভাবকেরমত পাশে রয়েছেন। তাই তিনি যদি চান, নন্দীগ্রামের দায়িত্ব আমি নিই, তাহলে আমি দায়িত্ব নিতে প্রস্তুত। সেই দায়িত্ব পেলে শেষ নিশ্বাস পর্যন্ত তা পালন করে যাব।” অর্থাৎ, একদিকে নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে বিজেপির প্রার্থী নিয়ে জল্পনা, অন্যদিকে সেই জল্পনার মধ্যে হাসির রথের এমন মন্তব্য পূর্ব মেদিনীপুরের রাজনীতিতে নতুন করে চর্চা শুরু হয়েছে। তবে বিজেপির পক্ষ থেকে নন্দীগ্রামের প্রার্থী হিসেবে এখনও কারও নাম ঘোষণা করা হয়নি। ফলে শেষ পর্যন্ত দল কাকে প্রার্থী করে, প্রার্থী তালিকা প্রকাশ পর্যন্ত নজর রাখতে হবে।
  • Link to this news (প্রতিদিন)