ভেঙে পড়ল নির্মীয়মাণ চার্চ। তামিলনাড়ুর ভেলোর জেলার কাটপাদি এলাকায় ওই নির্মীয়মাণ গির্জার ছাদ ধসে মৃত্যু হয়েছে অন্তত ২ জনের। বৃহস্পতিবার সন্ধ্যার এই ঘটনায় আটকে পড়েছিলেন কর্মীরা। ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধার করা হয়েছে ১২ জনকে। ওই ধ্বংসস্তূপের নীচে আর কেউ আটকে আছেন কী তা দেখতে চলছে উদ্ধার কাজ। এই উদ্ধার কাজের জন্য লাগানো হয়েছে NDRF-কেও।
ভেলোরের জেলা প্রশাসন এবং পুলিশ সূত্রে খবর, কাটপাদির কাছে মান্ডি কৃষ্ণপুরম এলাকায় ওই গির্জা তৈরির কাজ চলছিল। ওই গির্জার ছাদের জন্য কংক্রিট ঢালাইয়ের সময় দুর্ঘটনাটি ঘটে। নির্মাণাধীন কাঠামোটি হঠাৎ ধসে পড়ার সময় সেখানে ১৪ জনেরও বেশি শ্রমিক ছিলেন বলে ধারণা করা হচ্ছে। ধসে যাওয়ার কারণে বেশ কয়েকজন কংক্রিট ও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন। আধিকারিকরা জানিয়ছেন, সেখান থেকে ১২ জনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এর মধ্যে চার জনকে নিয়ে যাওয়া হয় ভেলোর সরকারি হাসপাতালে (Vellore Government Hospital)। তিন জনকে CMC হাসপাতাল নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় একজনের। এছাড়াও ওই ধবংসস্তূপ সরিয়ে এক জনের দেহ উদ্ধার করা হয়।
ওই ধ্বংসস্তুপের নীচে আরও একাধিক ব্যক্তি আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করছেন ভেলোরের জেলাশাসক লীলা অ্যালেক্স। সেখানে উদ্ধার কাজের জন্য ডাকা হয়েছে NDRF-কে বলেও জানিয়েছেন তিনি।
কী কারণে নির্মাণের সময়েই গির্জাটি ভেঙে পড়ে তা তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন আধিকারিকরা। ওই তদন্তের ভিত্তিতেই উপযুক্ত পদক্ষেপ করা হবে বলেও জানিয়েছেন তাঁরা।