উড়ো বোমাতঙ্কের জেরে জরুরি অবতরণ করতে হলো ইন্ডিগোর একটি আন্তর্জাতিক ফ্লাইটকে। সংবাদ সংস্থা সূত্রের খবর, বৃহস্পতিবার লখনৌ থেকে সৌদি আরবের দাম্মামগামী IndiGo-র 6E 97 ফ্লাইট আমেদাবাদে জরুরি অবতরণ করে। পরে অবশ্য তল্লাশিতে কোনও বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু মেলেনি।
সংবাদ সংস্থা সূত্রের খবর, বিমানের শৌচাগারে একটি টিস্যু পেপারে ‘বোমা’ লেখা ছিল। প্রথমে সেটা দেখতে পান বিমানকর্মীরা। সঙ্গে সঙ্গে বিষয়টি পাইলটকে জানানো হয়। এরপর নিরাপত্তার কথা মাথায় রেখে বিমানটিকে আমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করানো হয়।
লখনৌ থেকে বৃহস্পতিবার বিকেল ৪টে নাগাদ বিমানটি উড়েছিল। সন্ধ্যা ৫টা ৪৩ মিনিটে আমেদাবাদে নিরাপদে অবতরণ করে। বিমানে ছিলেন ১০৭ জন যাত্রী এবং ৬ জন বিমানকর্মী।
ফ্লাইট অবতরণের পরে প্রথম যাত্রী ও বিমানকর্মীদের ২ নম্বর টার্মিনালে সরিয়ে আনা হয়। এরপরে আমেদাবাদ পুলিশ, ক্রাইম ব্রাঞ্চ, স্পেশাল অপারেশন গ্রুপ এবং CISF একসঙ্গে বিমানে তল্লাশি অভিযান চালান। কোনও বিস্ফোরক বা তেমন কোনও সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি।
দিন দশেক আগে, ৩১ অগস্ট সৌদি আরবের দাম্মাম থেকে দিল্লি আসা একটি Air India Express বিমানেও একই ধরনের বোমা-হুমকি পাওয়া গিয়েছিল। সেটিকেও আমেদাবাদে জরুরি অবতরণ করানো হয়েছিল।