• বাংলাদেশিদের আনাগোনা ছিল, বৃহন্নলাদের বাড়িতে মিলল আগ্নেয়াস্ত্র-কার্তুজ, গ্রেপ্তার এক
    এই সময় | ১১ সেপ্টেম্বর ২০২৬
  • জলপাইগুড়ি শহরের উত্তর রায়কত পাড়ায় বৃহন্নলা কুঠিতে বৃহস্পতিবার অভিযান চালায় বিএসএফ, ডিরেক্টর অফ রেভেনিউ ইন্টালিজেন্স এবং পুলিশ। ওই বাড়ি থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র, কার্তুজ, কিছু বাংলাদেশের সিমকার্ড, এবং ওই দেশের একাধিক জন্ম প্রমাণপত্র। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    পুলিশ এবং বিএসএফ সূত্রে খবর, যে সিমকার্ডগুলি উদ্ধার হয়েছে, সেই সিমগুলি ব্যবহার করে নিয়মিত বাংলাদেশ এবং পাকিস্থানে যোগাযোগ করা হতো। বেশ কিছু বাংলাদেশি নাগরিকের ওই বাড়িতে যাতায়াত ছিল বলেও খবর। পিপাসা নামে যাঁকে গ্রেপ্তার করা হয়েছে, তিনি সম্প্রতি পাকিস্তান গিয়েছিলেন বলেও খবর মিলেছে। বিষয়গুলি খতিয়ে দেখছে পুলিশ।

    এ দিকে এই ঘটনা চাউড় হতেই মুখ খুলেছেন স্থানীয় বাসিন্দাদের অনেকেই। তাঁদের বক্তব্য, বৃহন্নলাদের কার্যকলাপ সন্দেহজনক। কয়েকবছর আগে জলপাইগুড়ি পুরসভার ২ নম্বর ওয়ার্ডের উত্তররায়কতপাড়া প্রথমে ভাড়া নিয়ে থাকতেন বৃহন্নলারা। কিছুদিনের মধ্যেই জমি কিনে বিলাসবহুল বাড়ি তৈরি করা হয়। স্থানীয়দের দাবি, মাঝেমধ্যেই বাংলাদেশ থেকে এসে অনেকেই এদের এখানে এসে থাকতেন। এক স্থানীয় বাসিন্দার কথায়, ‘এরা বাংলাদেশ বা পাকিস্থানের গুপ্তচরবৃত্তি বা চোরা চালানের সঙ্গে যুক্ত রয়েছে কি না সেটা পুলিশের ভালো করে তদন্ত করে দেখা উচিত।’ যদিও ওই বাড়ির বাসিন্দা এক বৃহন্নলা জানান, তাঁরা কোনও অসামাজিক কাজের সঙ্গে যুক্ত নয়।

    জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার সুজাতা কুমারী বিনাপানী জানান, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালানো হয়েছে। ওই বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র, কার্তুজ-সহ বাংলাদেশ সিম উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

  • Link to this news (এই সময়)